এবারও নাগরিক কমিটির ব্যানারে মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবারও নাগরিক কমিটির ব্যানারে মেয়র পদে নির্বাচন করবেন। গত বুধবার রাতে নগরের চশমা হিলে তাঁর বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহিউদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।দলীয় সূত্র জানায়, বর্ধিত সভায় দলের মহানগর কমিটি, নগরের সব থানা ও ওয়ার্ড শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় মহিউদ্দিন চৌধুরীকে আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়। তবে মহানগর আওয়ামী লীগের মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত কেউ এ সভায় আসেননি। ২০ সদস্যের নগর কমিটির প্রায় অর্ধেক সদস্যই মহিউদ্দিনের বিপক্ষে রয়েছেন। প্রতিটি থানা ও ওয়ার্ডেও মহিউদ্দিনের পক্ষে-বিপক্ষে অংশ রয়েছে। বিরোধী অংশটি বুধবার বিকেলে পৃথক বর্ধিত সভা করে মেয়র পদে প্রার্থী হিসেবে তিনজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায়। ওই সভায় মহিউদ্দিনকে শারীরিকভাবে অক্ষম এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাঁকে মনোনয়ন না দেওয়ার দাবি জানানো হয়। সূত্র জানায়, মেয়রের বাসভবনে অনুষ্ঠিত সভায় ২০০৫ সালের নাগরিক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মাহমুদুল ইসলামকে এবারও নাগরিক কমিটির আহ্বায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১৯৯৪, ১৯৯৯ ও ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও মহিউদ্দিন চৌধুরী নাগরিক কমিটির ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৯৯৯ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সভা সূত্র জানায়, একটানা সাড়ে তিন ঘণ্টা বর্ধিত সভা চলে। সভায় নগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন। সভা শেষে মেয়রের বাসভবনে রাতের খাবারের ব্যবস্থা করা হয়। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন চৌধুরী বুধবার রাতের বর্ধিত সভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা জানান। সভায় উপস্থিত নেতারা তাঁর মনোনয়নকে সমর্থন করেন। মহিউদ্দিন চৌধুরীকে যোগ্য প্রার্থী আখ্যা দিয়ে তিনি আরও বলেন, তিনি তিনবার মেয়রের দায়িত্ব পালনকালে চট্টগ্রামের জনগণের জন্য অনেক কল্যাণমূলক কাজ করেছেন। এ ছাড়া মেয়র এখনো জনপ্রিয় নেতা। মহিউদ্দিন চৌধুরী শারীরিকভাবে অক্ষম—দলের একাংশের এ দাবির জবাবে ইব্রাহিম হোসেন বলেন, যাঁরা এ কথা বলেছেন, তাঁরা চিকিৎসক নন। কেবল চিকিৎসকই এ ধরনের কথা বলতে পারেন। দলের একাংশের আলাদা বর্ধিত সভা করা ও প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নির্বাচনের জন্য যে কেউই মনোনয়ন চাইতে পারেন। কিন্তু চূড়ান্ত মনোনয়ন দেবে দল।’ পৃথক বর্ধিত সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘করুক। অসুবিধা কী?’দুই দফায় মনোনয়ন ফরম সংগ্রহ: গতকাল দুপুরে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু। বেলা আড়াইটায় মেয়র নিজে নির্বাচন কার্যালয়ে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি হারিকেন প্রতীকের জন্য লিখিত আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী তাঁকে বলেন, ‘আপনি কী প্রতীক চান, সেটা মনোনয়নপত্রে লিখে দেবেন।’ গতবারের বিজয়ী প্রার্থীর প্রতীক হারিকেন ও পরাজিত প্রার্থীর প্রতীক বাইসাইকেল এবারের সিটি করপোরেশন নির্বাচনের নির্ধারিত ২০টি প্রতীকের তালিকায় নেই। নিবন্ধিত রাজনৈতিক দল মুসলিম লীগের প্রতীক হওয়ায় এবার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রতীকের তালিকা থেকে হারিকেন প্রতীক বাদ দেওয়া হয় বলে সহকারি রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার জানান।