এবারও প্রতিক্রিয়া নেই বিএনপির নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী বিচারের দ্বিতীয় রায় নিয়েও তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে চাইছেন না প্রধান বিরোধী দল বিএনপির নেতারা।এ রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এড়িয়ে গেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে পরে দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে।আজ মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।এর আগে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সে রায় নিয়ে বিএনপির নেতা-কর্মীদের কোনো প্রতিক্রিয়া ছিল না। এবারও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন নেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ রায় বোধগম্য নয়। কয়েক দিন ধরে জামায়াতে ইসলামী প্রকাশ্যে সভা-সমাবেশ করে ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানিয়ে আসছে। সরকারও কিছু বলছে না। সব নিয়ে অনেক ‘গুজব’ আছে। তাঁরা সবদিক বিচার-বিবেচনা করছেন। এরপর হয়তো দলীয়ভাবে একটি প্রতিক্রিয়া জানানো হবে।’একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিচার চলছে। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির, সাবেক আমিরসহ শীর্ষস্থানীয় ছয় নেতারও বিচার চলছে। এর মধ্যে জামায়াতের অন্যতম শীর্ষস্থানীয় নেতা কাদের মোল্লার বিরুদ্ধে আজ রায় হয়েছে।বিচার শুরু হওয়ার পর থেকে এই বিচারের বিরোধিতা করে আসছে জামায়াতে ইসলামী। তারা এ বিচার বন্ধের দাবিতে হরতাল করছে। অন্যদিকে বিএনপি সরাসরি এ ধরনের কোনো অবস্থান না নিলেও দীর্ঘদিন থেকে দলটি অভিযোগ করে আসছে, রাজনৈতিক প্রতিহিংসার বশে সরকার এই বিচার করছে। সর্বশেষ গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক বলেছিলেন, ট্রাইব্যুনাল বাতিল, যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের সঙ্গে বিএনপির কোনো আদর্শিক মিল নেই।ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার ব্যাপারে জামায়াতের যে দাবি, তার সঙ্গে বিএনপি একমত কি না—জানতে চাইলে তরিকুল ইসলাম বলেছিলেন, ‘প্রশ্নই ওঠে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। সে বিচার নিরপেক্ষ, স্বচ্ছ হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে। সে বিচার কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের বিচার হবে না।’