এবারও শোধনের অযোগ্য পানি খেতে হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের শুকনো মৌসুমেও রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকবে। কারণ, সায়েদাবাদ শোধনাগারে শীতলক্ষ্যার পানি প্রাক-শোধনের (প্রি-ট্রিটমেন্ট) যন্ত্র বসানোর কাজ এখনো প্রাথমিক পর্যায়ে। আর চাঁদনীঘাট শোধনাগারেও বুড়িগঙ্গার পানি প্রাক-শোধনের ব্যবস্থা নেই।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘আমাদের ধারণা ছিল, এবারের শুকনো মৌসুম শুরুর আগেই প্রাক-পরিশোধনযন্ত্র বসানো যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে, তা সম্ভব হচ্ছে না। আমাদের আরও সময় অপেক্ষা করতে হবে।’জানা গেছে, মাঠপর্যায়ে কাজ না হওয়ায় সায়েদাবাদ পানি শোধনাগারে পরিশোধনযন্ত্র বসানোর কাজ শুরুই হয়নি। এই শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজের প্রস্তুতি শুরু হয়েছে মাত্র। এর অংশ হিসেবে পরিশোধনযন্ত্র-সংক্রান্ত স্থাপনার ভিত তৈরির কাজ চলছে এখনো। তবে শিগগিরই কিছু যন্ত্রপাতি এসে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।সায়েদাবাদ শোধনাগার থেকে পানি সরবরাহ করা হয় বাসাবো, গোড়ান, মুগদা, গোলাপবাগসহ ঢাকার পূর্বাঞ্চল; পুরান ঢাকার নারিন্দা, ওয়ারীসহ কিছু এলাকা; যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, মগবাজার, বাংলামোটর, হাতিরপুল, তেজগাঁও প্রভৃতি এলাকায়। শুকনো মৌসুমে এসব স্থান ছাড়াও দুই শোধনাগারের আওতার আরও কিছু এলাকায় আন্তসংযোগের ফলে রাজধানীর বেশির ভাগ এলাকায় দুর্গন্ধযুক্ত ময়লা পানি ছড়িয়ে পড়ে। আন্তসংযোগের কারণে গভীর নলকূপের মাধ্যমে তোলা নির্মল পানির সঙ্গে নদীর শোধন করা (এর পরও দুর্গন্ধযুক্ত) পানি মিশে যায়।শুকনো মৌসুমে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা মাত্রাতিরিক্ত দূষিত থাকে বলে পানি শোধন করতে গিয়ে পানিতে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি তরল ক্লোরিন দেওয়া হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই মাত্রাতিরিক্ত ক্লোরিনও পানির বিবর্ণতা ও দুর্গন্ধের জন্য দায়ী। ওয়াসা বলছে, প্রাক-পরিশোধনযন্ত্র বসানো হলে শুকনো মৌসুমে শীতলক্ষ্যার পানি দূষণমুক্ত করতে যে বাড়তি রাসায়নিক দেওয়া হয়, তা আর দিতে হবে না। রাজধানীর শিল্প-কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) না থাকা বা গুটিকয়েক ক্ষেত্রে থাকলেও ব্যবহার না করার প্রবণতা নদীকে প্রতিনিয়ত আরও বেশি দূষিত করে তুলছে। পানি বিশেষজ্ঞ ও পরিবেশবাদী আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, শীতলক্ষ্যা তীরের শিল্প-কারখানা এবং হাজারীবাগ ট্যানারির কারখানাগুলোতে পরিশোধনযন্ত্র (ইটিপি) বসানো হলে নদীর দূষণ কম হতো। তা সম্ভব হয়নি। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, ‘ইটিপি স্থাপনের নির্দেশ কেউ মানছে না। তাই এখন আমরা নতুন নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’