এবারও সময়মতো শেষ হচ্ছে না রাস্তা খোঁড়াখুঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়া নিষেধ, শীত বা শুকনো মৌসুমেই খোঁড়াখুঁড়ির কাজ শেষ করতে হবে’—গত সেপ্টেম্বরে বিভিন্ন সংস্থাকে দেওয়া ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) চিঠির ভাষা ছিল এমনই। এ ছাড়া ডিসিসি চলতি বছরের মে মাসের মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করতেও বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়েছে।কিন্তু রাজধানীতে ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ির যেসব কাজ চলছে, সেগুলোর বেশির ভাগের কাজই মে মাসের মধ্যে শেষ না হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ অসমাপ্ত থাকবে, সেসব রাস্তায় চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হবে। এ ছাড়া খোঁড়াখুঁড়ি শেষ হওয়ার পরও কিছু রাস্তা সময়মতো মেরামত না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে ওসব এলাকার বাসিন্দারা।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত বছরের মার্চে আন্তসংস্থার এক সভায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় ডিসিসি, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর ধারাবাহিকতায় চলতি বছরে ডিসিসি চিঠির মাধ্যমে তিতাস, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লি. (বিটিসিএল), ওয়াসা, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), রাজউক, রেলওয়েসহ বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানায়। চিঠিতে ৩১ মের মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়।কিন্তু বাস্তবে সে অনুযায়ী কাজ হচ্ছে না। ডিসিসির সংশ্লিষ্ট বিভাগ জানায়, চলতি বছরের মার্চ-এপ্রিলে ডিসিসির ১০টি অঞ্চলে বিভিন্ন সংস্থার ২২টির মতো রাস্তা কাটার অনুমোদন ছিল। সেগুলোর মধ্যে আটটির কাজ শেষ হয়েছে। কয়েকটির কাজ চলছে। কিছু রাস্তা খোঁড়ার কাজ এখনো শুরু হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে যেসব রাস্তা খোঁড়ার কাজ চলছে, মে মাসের মধ্যে সেগুলো শেষ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল সোমবার দুপুরে এবং ১১ মে দুপুরের বৃষ্টিতে খোঁড়া রাস্তার কারণে এসব এলাকার লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষার আগে খোঁড়াখুঁড়ি শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।জানা যায়, মিরপুর মাজার রোড-দুয়ারীপাড়া এলাকায় প্রায় দেড় মাস আগে রাস্তা খুঁড়ে শুরু হয় ওয়াসার ড্রেনেজ লাইনের পাইপ বসানোর কাজ। সব মিলে প্রায় এক কিলোমিটার পাইপলাইন বসানো হবে। অর্ধেকের মতো কাজ শেষ হয়েছে। চলতি মাসে এই কাজ শেষ হবে না বলে ওয়াসা সূত্রই আশঙ্কা প্রকাশ করেছে। পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়ার কারণে প্রশস্ত রাস্তাটি একরকম বন্ধই হয়ে আছে। রাস্তার এক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হলেও খুঁড়ে রাখা মাটি, রাস্তার ভাঙা অংশ এবং পাইপ রাখার কারণে বাকি অংশ দিয়ে যান চলাচল প্রায় অসাধ্য। ওই এলাকার বাসিন্দা আবদুর রহিম জানান, বৃষ্টি হলে এই পথে হেঁটে চলাও মুশকিল। গৃহিণী মনোয়ারা বেগম টেলিফোনে প্রথম আলোকে জানান, রাস্তা খুঁড়ে রাখায় তাঁর দুই সন্তানের বিদ্যালয়ে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।উত্তরা ৪ থেকে ৬ নম্বর সেক্টরে বৃষ্টির পানি প্রবাহের জন্য স্টর্ম স্যুয়ারের (নর্দমা) কাজ চলছে। এ ধরনের স্টর্ম স্যুয়ার হচ্ছে উত্তরার ১১ ও ১৩ নম্বর সেক্টরেও। এ দুটি কাজই করছে ওয়াসা। চলতি মাসে এ দুটি কাজ শেষ হওয়া নিয়ে ওয়াসার কর্মকর্তারাই এখনো নিশ্চিত নন।যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গত রোববার প্রথম আলোকে বলেন, ‘সবচেয়ে সমস্যা হচ্ছে মাজার রোডের খোঁড়াখুঁড়ির কাজ নিয়ে। যথাসাধ্য চেষ্টা চলছে মে মাসের মধ্যেই কাজটি শেষ করার। তবে এখনো বিষয়টি অনিশ্চিত। যদিও ভেতরের অংশের অনেক কাজ শেষ হয়ে গেছে।’ তিনি বলেন, এবারের খোঁড়াখুঁড়ির কাজে দেরি হওয়ার প্রধান কারণ বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই কোনো কাজ করা যায়নি।ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, বিভিন্ন সংস্থাকে মে মাসের মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করতে বলা হয়েছে। বিশ্বকাপের পরও অনেককে খোঁড়ার অনুমতি দেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেছে, সঠিকভাবে কাজ করলে তা শেষ হয়ে যায়। তিনি বলেন, ওয়াসাসহ কিছু সংস্থা বলে থাকে, কাজ শেষ না হলে দাতা সংস্থার তহবিল বাতিল হয়ে যাবে। এ জন্য অনেক সময় ছাড় দিতেই হয়। তবে জনদুর্ভোগ এড়ানোর বিষয়টি অবশ্যই সবাইকে বিবেচনায় রাখতে হবে।খোঁজ নিয়ে জানা গেছে, যেসব রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ হয়েছে, সেগুলোরও বেশির ভাগে শুধু মাটিচাপা দেওয়া হয়েছে। সেগুলো পাকা না করায় চলাচলে সমস্যা হচ্ছে। যেমন: খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকা। ওই এলাকায় মাস দেড়েক আগে রাস্তা খুঁড়ে মোটা পাইপ বসানো হয়। এরপর কেবল মাটি ফেলে গর্ত ভরাট করা হয়েছে। মেরামত না করায় বৃষ্টি হলে ওই রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে পড়ে। রাতে লোডশেডিং চলাকালে এবড়ো-খেবড়ো ওই রাস্তায় রিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে বলে এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন।নিয়ম অনুযায়ী রাস্তা খোঁড়ার আগেই সংশ্লিষ্ট সংস্থা ডিসিসিকে রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় টাকা আগাম দেয়। ওই টাকা না দিলে রাস্তা কাটা বা খোঁড়ার অনুমতিও দেয় না ডিসিসি। কিন্তু তালতলা মার্কেট এলাকার রাস্তাটি এখনো মেরামত হয়নি।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির একজন কর্মকর্তা জানান, ডিসিসির নীতি অনুযায়ী এ ধরনের রাস্তা তাৎক্ষণিকভাবে মেরামত করতে হয়। তবে বৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো আমাদের অপেক্ষা করতে হয়। এই রাস্তার ক্ষেত্রেও হয়তো তা-ই হয়েছে।