এবারও সেনাকুঞ্জে যাননি খালেদা
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আরও নতুন নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের দেওয়া হচ্ছে উন্নততর প্রশিক্ষণ। আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধসরঞ্জাম দিয়ে তাদের সজ্জিত করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা, উত্কর্ষ ও মনোবল বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ‘সাহসিকতা পুরস্কার’ দেওয়া হবে। এ ছাড়া দেওয়া হবে শান্তিকালীন পদক। বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের লোকজন সুলভমূল্যে বিপণন ও ব্যাংকসুবিধা পাবেন। এর সঙ্গে এককালীন ভাতা ও মাসিক অনুদানও দেওয়া হবে।আজ সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে এক বৈকালিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে গত বছরের মতো এবারও সংবর্ধনা অনুষ্ঠানেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেননি। বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতাকেও দেখা যায়নি।অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আব্দুল ওয়াদুদ ছাড়াও তিন বাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তা, সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, কূটনৈতিক মিশনের সদস্যরাসহ গুরুত্ব ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী নৌবাহিনীর কথা উল্লেখ করে বলেন, নৌবাহিনীর বহরে এরই মধ্যে দুটি মেরিটাইম হেলিকপ্টার যুক্ত হয়েছে। আরও দুটি মেরিটাইম এয়ার ক্র্যাফট সংযোজন করা হচ্ছে।বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন চারটি এফ-৭ জঙ্গি বিমান। এরই মধ্যে বিমানবাহিনীর জন্য আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনা হয়েছে। দক্ষিণাঞ্চলসহ বঙ্গোপসাগরে নিবিড় পর্যবেক্ষণের জন্য কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি স্থাপন করা হচ্ছে। এ ছাড়া উন্নত প্রযুক্তির বেশ কয়েকটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির কাজে সেনাবাহিনী সফলতার পরিচয় দিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচারকাজ ত্বরান্বিত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। এ মামলায় ৮০০ জনের মতো আসামি রয়েছে। এত আসামি পৃথিবীতে আরও কোনো বিচারের আছে কি না, আমার জানা নেই।’