চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘ফানুস’। এটি লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন খান মোহাম্মদ বদরুদ্দিন। এখানে অভিনয় করছেন জিতু আহসান। কথা হলো তাঁর সঙ্গে।‘ফানুস’ নাটকের গল্প নিয়ে কিছু বলুন।বদর ও ফদর দুই ভাই। একসময় তাদের অবস্থা ভালো থাকলেও পরে পাল্টে যায়। একদিন তারা গুপ্তধনের সন্ধান পায়। নাটকীয়ভাবে বদলে যায় তাদের জীবন। গ্রামের চেয়ারম্যানকে তারা সেভাবে পাত্তা দেয় না। এদের বিভিন্ন কর্মকাণ্ডে চেয়ারম্যান বিরক্ত হয়। এমনকি তার সন্দেহ হয়। দুই ভাই চেয়ারম্যানকে টেক্কা দেওয়ার পরিকল্পনা করে। নতুন কী কাজ করছেন?কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছি। এর মধ্যে বদরুল আনাম সৌদের গহীনের প্রচার শুরু হয়েছে। অন্য ধারাবাহিকগুলো হলো হুমায়ুন ফরীদির যখন হেমন্তকাল, জুয়েল মাহমুদের চুপ আদালত চলছে, নাহিদ আহমেদের নিঃসঙ্গ পানকৌড়ি। রুলীন রহমানের ধারাবাহিকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। ঈদের নাটকের কাজ নাকি শুরু করেছেন?ঈদের কাজ আসলে শুরু হয়ে গেছে। সব নির্মাতাই ঈদের নাটকের শুটিংয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। ঈদের জন্য কৌশিক শংকর দাশ, হুমায়ুন ফরীদিসহ আরও কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করার আলোচনা চূড়ান্ত হয়ে আছে।কৃষক জিতু আহসানের খবর কী?ভালো। গত বছর আমি সাভারের কাটগড়া এলাকায় চার বিঘা জমিতে স্ট্রবেরি চাষ শুরু করেছিলাম। এবার অবশ্য দেড় বিঘা জমিতে চাষ করেছি। তবে সেটা গতবারের চেয়ে অনেক ভালো। নতুন হওয়ার কারণে গত বছর নানা কারণে কিছুটা পিছিয়ে ছিলাম। এবার তা কাটিয়ে উঠেছি। আমার বিশ্বাস, বাংলাদেশে স্ট্রবেরির একটা ভালো সম্ভাবনা রয়েছে।