এবারও হলো না রাহাত ফতেহ আলী খানের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজকদের ব্যর্থতায় এবারও হলো না রাহাত ফতেহ আলী খানের কনসার্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এই নিয়ে তিনবার বাতিল হলো এই কনসার্ট।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সন্ধ্যা সাতটার আগেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হলরুমে দর্শকেরা উপস্থিত হন। অনুষ্ঠান শুরুর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাহাত ফতেহ আলী খান আসছেন না। ঘোষণা শোনামাত্রই বিক্ষুব্ধ দর্শকেরা আয়োজকদের ওপর চড়াও হন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ অনুষ্ঠানস্থল থেকে আয়োজক প্রতিষ্ঠান মিররের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সারওয়ার জাহান ভূঁইয়াকে পুলিশ আটক করে।অনুষ্ঠান দেখতে আসা খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘আয়োজকেরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এর আগেও দুবার অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করেও ফতেহ আলী খান নাইট করতে পারেনি। আর আজও তারা জানায় যে তিনি আসছেন না। তারা বিষয়টি আমাদের আগেও জানাতে পারত। এ ধরনের আচরণ খুবই দুঃখজনক।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনিম মাহবুব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ও আমার মেয়ে পাঁচ হাজার টাকা দামের দুটি টিকিটি কিনে অনুষ্ঠান দেখতে এসেছি। এখানে এসে শুনি অসুস্থতার জন্য রাহাত ফতেহ আলী খান আসতে পারেননি। এটি আমাদের সঙ্গে আয়োজকদের অন্যায় আচরণ।’ টিকিটের টাকা ফেরত না পেলে মিররের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।গুলশান থেকে আসা জিসান নামের এক দর্শক জানান, কনসার্ট দেখার জন্য তিনি এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে পাঁচটি টিকিট কেনেন। প্রথমবার কনসার্ট পণ্ড হওয়ায় এগুলো ফেরত দেন তিনি। বিনিময়ে তাঁরা তাঁকে সাউথ ইস্ট ব্যাংকের ৮০ হাজার টাকার একটি চেক ও পরের অনুষ্ঠানের দেখার দুটি সৌজন্য টিকিট ধরিয়ে দেন। তিনি বলেন, ‘আমি চেক নিয়ে ব্যাংকে গেলে পরপর তিনবার ব্যাংক থেকে জানানো হয় সংশ্লিষ্ট হিসেবে কোনো টাকা নেই।’শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ইস্রাফিল বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন নামের এক দর্শক আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন।’ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) আনিসুর রশিদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘রাহাত ফতেহ আলী খানের কনসার্টের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল। হঠাত্ করে অনুষ্ঠানমঞ্চে বিশৃঙ্খলা দেখা দিলে আমরা সেখানে যাই। সেখান থেকে আয়োজক প্রতিষ্ঠান মিররের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সারোয়ার জাহান ভূঁইয়াকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়।এ দিকে মিররের স্বত্বাধিকারী শাহজাহান ভূঁইয়া জানান, ‘অসুস্থতার কারণে তিনি রাহাত ফতেহ আলী খান কনসার্টে যেতে পারেননি।’ এক সপ্তাহের মধ্যে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।