এবারের অস্কারে যাঁরা এগিয়ে
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৬ ফেব্রুয়ারি রোববার বসতে যাচ্ছে চলচ্চিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার অস্কারের আসর। অস্কারের ৮৪তম এ আসরে কোন নির্মাতা, চলচ্চিত্র কিংবা তারকা তাঁর কাঙ্ক্ষিত অস্কারটি ঝুলিতে ভরবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি দিন। পুরস্কার জেতার বিষয়টি নিশ্চিত করে বলা না গেলেও, পূর্বাভাস পাওয়ার বিষয়টি কঠিন কিছু নয়। অবশ্য আবহাওয়ার পূর্বাভাসের মতোই শেষ মুহূর্তে সব হিসেব-নিকেশ পাল্টে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। তার পরও এখন পর্যন্ত অস্কার জেতার যুদ্ধে যে ছবি, তারকা কিংবা নির্মাতার পুরস্কার জয়ের সম্ভাবনা রয়েছে তা নিয়েই এই ‘অস্কার পূর্বাভাস’। এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার ঝুলিতে ভরার লড়াইয়ে নেমেছে মোট নয়টি চলচ্চিত্র। সেগুলো হল ‘দ্য আর্টিস্ট’, ‘দ্য ডিসেনডেন্টস’, ‘এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ’, ‘দ্য হেল্প’, ‘হুগো’, ‘মিডনাইট ইন প্যারিস’, ‘মানিবল’, ‘দ্য ট্রি অব লাইফ’ ও ‘ওয়ার হর্স’। ছবিগুলোর মধ্যে ১১টি বিভাগে মার্টিন স্করসেসের ‘হুগো’ আর ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে মিশেল হাজানাভিসিয়াসের ‘দ্য আর্টিস্ট’। সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে এ দুটি ছবিই। বোঝাই যাচ্ছে, অস্কার জেতার যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ দুটি ছবির মধ্যে। তবে সব হিসেবে-নিকেশ পাল্টে দিতে পারে আলেকজান্ডার পাইনের ‘দ্য ডিসেনডেন্টস’ কিংবা টেট টেইলরের ‘দ্য হেল্প’। দর্শক ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে জর্জ ক্লুনি অভিনীত ‘দ্য ডিসেনডেন্টস’। এখন দেখার বিষয় হলো, শেষ পর্যন্ত কোন ছবির ভাগ্যে জোটে অস্কার। সেরা চিত্রপরিচালক বিভাগে মনোনীত হয়েছেন মিশেল হাজানাভিসিয়াস (দ্য আর্টিস্ট), উডি অ্যালেন (মিডনাইট ইন প্যারিস), টেরেন্স ম্যালিক (দ্য ট্রি অব লাইফ), আলেকজান্ডার পাইন (দ্য ডিসেনডেন্টস) এবং মার্টিন স্করসেস (হুগো)। এ পাঁচজন চিত্র পরিচালকের মধ্যে এবার অস্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মিশেল হাজানাভিসিয়াসের। তবে উডি অ্যালেন এবং মার্টিন স্করসেসের জেতার সম্ভাবনাকেও উড়িয়ে দিতে পারছেন না কেউ। এখন পর্যন্ত দর্শকদের ভোট সবচেয়ে বেশি পেয়েছেন উডি অ্যালেন। সেরা অভিনেতা হিসেবে এবারের অস্কার যুদ্ধে প্রতিদ্বন্দ্বীরা হলেন জর্জ ক্লুনি (দ্য ডিসেনডেন্টস), ব্রাড পিট (মানিবল), জ্যঁ দুজারদিন (দ্য আর্টিস্ট), ডেমিয়ান বিচির (এ বেটার লাইফ) এবং গেরি ওল্ডম্যান (টিংকার টেইলর সোলজার স্পাই)। এঁদের মধ্যে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ফরাসি অভিনেতা জ্যঁ দুজারদিনের। তবে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত অস্কার জয়ের লড়াইটা হবে জর্জ ক্লুনি এবং ব্রাড পিটের মধ্যেই। সেরা অভিনেত্রী বিভাগে এবার মনোনয়ন পেয়েছেন মেরিল স্ট্রিপ (দ্য আয়রন লেডি), ভায়োলা ডেভিস (দ্য হেল্প), মিশেল উইলিয়ামস (মাই উইক উইথ মেরিলিন), গ্লেন ক্লোজ (অ্যালবার্ট নবস) এবং রুনি মারা (দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু)। সবাই ধরেই নিয়েছেন ‘দ্য আয়রন লেডি’ ছবিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে বাফটার পর এবারের অস্কার পুরস্কারটিও বগলদাবা করবেন হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। দর্শক ভোটেও এখন পর্যন্ত তিনিই শীর্ষে। তবে ভায়োলা ডেভিস এই হিসেব পালটে দিতে পারেন বলেও মনে করা হচ্ছে।এ ছাড়া সেরা সহ-অভিনেতা বিভাগে ক্রিস্টফার প্লামার ও ম্যাক্স ভন সাইডো এবং সেরা সহ-অভিনেত্রী বিভাগে অক্টাভিয়া স্পেন্সার ও বেরেনিস বেজো হাড্ডাহাড্ডি লড়াই করবেন বলেই ধরা হচ্ছে। সেরা চিত্রনাট্যের পুরস্কারটি পাবে উডি অ্যালেনের ‘মিডনাইট ইন প্যারিস’—এমনটাই ভাবছেন সবাই। তবে শেষ মুহূর্তে মিশেল হাজানাভিসিয়াসের ‘দ্য আর্টিস্ট’ও পেয়ে যেতে পারে এই পুরস্কার। বেস্ট অ্যাডাপটেড স্ক্রিনপ্লে বিভাগে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ‘দ্য ডিসেনডেন্টস’ এবং ‘মানিবল’ ছবি দুটির মধ্যে। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জেতার যুদ্ধে এগিয়ে রয়েছে ইরানের ‘এ সেপারেশন’ এবং পোল্যান্ডের ‘ইন ডার্কনেস’ ছবি দুটি। ‘হেল অ্যান্ড ব্যাক এগেইন, ইফ আ ট্রি ফলস, প্যারাডাইস লস্ট, পিনা’ এবং ‘আনডিফিটেড’—মনোনয়ন পাওয়া এ পাঁচটি প্রামাণ্যচিত্রের মধ্যে ‘আনডিফিটেড’ই বাকি চারটি প্রামাণ্যচিত্রকে হারাতে পারবে বলেই মনে করা হচ্ছে। তবে ‘পিনা’, ‘হেল অ্যান্ড ব্যাক এগেইন’ ও ‘প্যারাডাইস লস্ট’-এর জয়ের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।