এবারের ‘ঘণ্টা’ সোনম-সালমানের!
হলিউডের রেজি অ্যাওয়ার্ডসের অনুকরণে বলিউডে প্রবর্তিত হয়েছে ‘ঘণ্টা’ অ্যাওয়ার্ডস। সম্প্রতি অনুষ্ঠিত হলো এর দ্বিতীয় আসর। সে আসরে এবারের সবচেয়ে বাজে অভিনেতা ও বাজে অভিনেত্রীর খেতাব পেয়েছেন সালমান খান ও সোনম কাপুর। বছরের সবচেয়ে বাজে ছবি নির্বাচিত হয়েছে শাহরুখ খানের বহুল আলোচিত ছবি ‘রা.ওয়ান’। ঘণ্টা অ্যাওয়ার্ডসের জন্য তারকাদের মনোনীত করেন একদল বিশেষজ্ঞ, আর মনোনীত তারকাদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হয় অনলাইন ভোটিংয়ের মাধ্যমে। সম্প্রতি বিজয়ীদের পুরস্কার প্রদানের আয়োজন করা হয় মুম্বাইয়ের কমেডি স্টোরে। যথারীতি বেশির ভাগ বিজয়ীই হাজির হননি সেই অনুষ্ঠানে। বলিউডের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন কেবল সোনম কাপুর ও শহিদ কাপুর। পুরস্কার নেওয়ার পর এক টুইটার বার্তায় সোনম লিখেছেন, ‘ঘণ্টা অ্যাওয়ার্ডসে গিয়েছিলাম। সেখানে অভিনয়শিল্পী, লেখকসহ ব্যাপক প্রতিভাবান(!) সব ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়েছে। দারুণ একটা অনুষ্ঠান।’২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বডিগার্ড’ এবং ‘রেডি’ ছবির জন্য ঘণ্টা অ্যাওয়ার্ডস জিতেছেন সালমান খান। আর ‘মৌসুম’ ছবির জন্য সবচেয়ে বাজে অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সোনম কাপুর। সবচেয়ে বাজে অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নার্গিস ফাখরিও। এ ছাড়া ‘রক স্টার’ ছবির জন্য বাজে নবাগত পুরস্কার ঝুলিতে ভরেছেন নার্গিস। রেডি এবং থ্যাংক ইউ ছবির বদৌলতে বাজে চিত্রপরিচালক তকমা পেয়েছেন আনিস বাজমি।সবচেয়ে বাজে সহ-অভিনেতা ও অভিনেত্রী বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে প্রতীক বাব্বর ও হ্যাজেল কিচকে। সবচেয়ে বাজে জুটি নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর ও নার্গিস ফাখরি। সবচেয়ে বাজে আইটেম গানের পুরস্কার জিতেছে ‘ঢিংকা চিকা’। এ ছাড়া সবচেয়ে বাজে গল্পের ছবি নির্বাচিত হয়েছে ‘দেশি বয়েজ’।