এবারের ‘প্রিয়দর্শিনী’ বিপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের লাবণী বিচে অনুষ্ঠিত ‘পার্বত্য লোকজ মেলা’র প্রিয়দর্শিনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন বিপা মুখার্জি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন রাখাইন নৃগোষ্ঠীর সদস্য মামাট ও তৃতীয় শ্রাবন্তী ত্রিপুরা। পার্বত্য নৃগোষ্ঠীর তরুণীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১১ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফর্মেন্সের ভিত্তিতে নিজেদের যোগ্যতা বিচারকদের সামনে উপস্থাপন করেন। প্রতিযোগীদের পারফর্মেন্সের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রিয়দর্শিনী প্রতিযোগিতার বিচারক ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, ছড়াকার লুত্ফর রহমান রিটন ও মডেল আজরা মাহমুদ।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা উপহার হিসেবে পেয়েছেন ২৫, ১৫ ও ১০ হাজার টাকাসহ কিউট ও অন্যান্য প্রতিষ্ঠানের সৌজন্যে বিভিন্ন পুরস্কার। এবারের বিজয়ীকে মুকুট পরিয়ে দেন মৌসুমী ও গত বছরের ‘প্রিয়দর্শিনী’ টমে প্রু মারমা।২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কক্সবাজারের লাবণী বিচে এই মেলার আয়োজন করে চ্যানেল আই। মেলা উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। এতে অংশ নেন মারমা, চাকমা, বম, ম্রো, ত্রিপুরা, মণিপুরী খাসিয়া, তঞ্চঙ্গ্যা, খেয়াং পাংখোয়া, রাখাইন ও লুসাই নৃগোষ্ঠীর সদস্যরা। এসব নৃগোষ্ঠীর সদস্যরা মেলায় তুলে ধরেন তাঁদের কৃষ্টি ও সংস্কৃতি। রাত পর্যন্ত এই মেলায় আরও ছিল নাচ, গান আর ১২টি পার্বত্য নৃগোষ্ঠীকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শন।‘পার্বত্য লোকজ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, কক্সবাজার জেলা প্রশাসক জয়নাল বারী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, কিউটের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ। ‘পার্বত্য লোকজ মেলা-২০১২’ চ্যানেল আইয়ে সরাসরি দেখানো হয়।