এবি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা ভুয়া ব্যক্তিদের নামে মোট ২০ লাখ টাকা আত্মসাত্ করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলায় এবি ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার সিনিয়র এসএভিপি ও অপারেশন ম্যানেজার নাসরিন কাদরী (ধানমন্ডি শাখায়ও কাজ করেছেন) এবং ধানমন্ডি শাখার সাবেক জুনিয়র কর্মকর্তা চৌধুরী হাফেজ রুহানকে আসামি করা হয়েছে। আজ রোববার দুদকের উপসহকারী পরিচালক মুজিবুর রহমান রাজধানীর ধানমন্ডি থানায় ওই দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলাগুলো করেন। ধানমন্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা মামলার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করে জানান, মামলা নম্বর ২৭, ২৮, ২৯ ও ৩০। মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, ওই দুই ব্যাংক কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে ২০০৩ সালে ভুয়া চার ব্যক্তির প্রত্যেকের নামে পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা তুলে আত্মসাত্ করেন। ওই ভুয়া ব্যক্তিরা হলেন বাড়ি সংস্কারের জন্য ঋণগ্রহীতা মো. ফয়সাল খান, তাঁর জামিনদাতা মো. এইচ এম এ সুমন, মো. আবদুল জলিল এবং ঋণগ্রহীতা ফয়সালের ব্যবহূত ব্যাংক হিসাবের আসল গ্রাহক নুরজাহান। এই চার ব্যক্তির কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দুদকের অনুসন্ধানে জানা গেছে, নাসরিন কাদরী ও হাফেজ রুহান পরস্পরের যোগসাজশে এবং তাঁদের সঙ্গে জড়িত ওই শাখার ব্যবস্থাপক মৃত মো. আসিরুল হক ভুয়া ব্যক্তিদের নামে নকল নথিপত্র তৈরির মাধ্যমে ব্যাংকের এসব অর্থ আত্মসাত্ করেন।