এবিসি রেডিওতে খুদেবার্তার রেকর্ড
১৩ ফেব্রুয়ারি রাত ১১টায় এবিসি রেডিওতে প্রচারিত শব্দগল্পদ্রুম-এ ভ্যালেন্টাইন আয়োজনে শ্রোতাদের খুদেবার্তা বা এসএমএসের রেকর্ড হয়েছে। প্রায় ১০ হাজার শ্রোতা এই অনুষ্ঠানে খুদেবার্তা পাঠিয়ে অংশ নিয়েছেন। এবিসি রেডিওতে এর আগে কোনো সরাসরি অনুষ্ঠানে এই পরিমাণ খুদেবার্তা আসেনি।ভালোবাসা দিবসের নানা আয়োজনের পাশাপাশি এই রেডিও অনুষ্ঠানে ‘ভালোবাসার ক্যালকুলেটর’ শীর্ষক একটি ভিন্নধর্মী কুইজের আয়োজন করা হয়। মুঠোফোনের মাধ্যমে খুদেবার্তা পাঠিয়ে শ্রোতারা এতে সরাসরি অংশ নেন। এফএম রেডিওর কোনো একটি অনুষ্ঠানের জন্য এই পরিমাণ খুদেবার্তা পাওয়া ছিল একটি অনবদ্য ঘটনা। এবিসি রেডিওর সাপ্তাহিক বিনোদন আয়োজন শব্দগল্পদ্রুম প্রচার হয় প্রতি সোমবার রাত ১১টায়। অনুষ্ঠানটির উপস্থাপক সিমু নাসের এবং আশীফ এন্তাজ। প্রযোজক মারুফ কামরুল হাসান। এবিসি রেডিওর বার্তা এবং অনুষ্ঠান প্রধান সানাউল্লাহ শ্রোতাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘ওই দিন ছিল বিশ্ব বেতার দিবস। আর এমন একটি ঘটনার কারণে দিনটি এবিসি রেডিওর জন্য একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল।’