‘রিকশার চেয়ে এই রাস্তায় হেঁটে যাওয়াই ভালো।’—বললেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিরত হাসান আলী। এরপর তাঁর কথায় ক্ষোভের সঙ্গে রসও ঝরল—‘ভাত খেয়ে কোনো রিকশায় উঠলে হজম হয়ে যাবে। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই রাস্তা।’ তাঁর ক্ষোভের কারণটা বোঝা গেল রাস্তা ঘুরে। বীর উত্তম সি আর দত্ত সড়ক থেকে গ্রীনরোড পর্যন্ত রাস্তাটির বেশির ভাগ অংশই ভাঙা। অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে। রাস্তার অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে। রাস্তার ওপর ঢালাই দেওয়া ম্যানহোলের ঢাকনা কোথাও উঁচু আবার কোথাও নিচু। পুরো রাস্তাই এবড়োখেবড়ো।কাঁঠালবাগান ঢাল পেরিয়ে ভেতরে ঢুকলেই ৪/১ ফ্রি স্কুল স্ট্রিটের সামনে ভাঙা চোখে পড়ে। সামনে যতই যাওয়া যায়, ততই রাস্তার অবস্থা ভাঙা। কোথাও বা গর্ত। ২৭ ফ্রি স্কুল স্ট্রিটের সামনে রাস্তার পাথর উঠে গেছে। ২৯/১ ও ৩১/১ ফ্রি স্কুল স্ট্রিটের সামনে ম্যানহোলের ঢাকনা আধা হাত নিচুতে। ২৩৩/বি ফ্রি স্কুল স্ট্রিটের সামনের রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। ৮৮ কাঁঠালবাগানের সামনের রাস্তা অনেক উঁচু-নিচু। রাস্তার কার্পেটিং ও খোয়া উঠে গেছে। তৈরি হয়েছে ছোট ছোট গর্ত। ১৭৬/৬ বায়তুন নূর জামে মসজিদের পাশেই ম্যানহোলের লোহার স্লাবটি ভাঙা। যেকোনো সময় যে কেউ পড়ে গিয়ে পা ভাঙতে পারে। ২১০ কাঁঠালবাগান রাস্তায় ম্যানহোলের স্লাব আধা হাত উঁচু। আশপাশে ভাঙা রাস্তায় সামান্য পানি জমে আছে। উঁচু-নিচু রাস্তায় পাশের বাসা কিংবা দোকানের মালিকেরা মাটি-রাবিশ ফেলেছেন। তাতেও কোনো কাজ হয়নি। এখানকার দোকানি মো. হারুণ বলেন, ‘ধানমন্ডির কোথাও এমন রাস্তা খুঁজে পাবেন কি না সন্দেহ আছে। বছর দুয়েকের বেশি সময় ধরে রাস্তাটি ভাঙা। আবেদন করেও কোনো কাজ হয়নি।’এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সময় রাস্তা কেটে পানির পাইপ বসানোর পর তা আর সংস্কার করা হয়নি। ভাঙা জায়গায় রাবিশ ফেলা হয়েছে। আর ভাঙা অংশ থেকে ভাঙতে ভাঙতে পুরো রাস্তার অবস্থা এ রকম হয়েছে। অন্যদিকে বৃষ্টি হলে পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তায়। তখন রাস্তায় বের হওয়া যায় না। যার কারণে ভাঙা রাস্তা আরও ভেঙে চলছে। হাফিজ নামের একজন বলেন, ‘ঢালাই না করে মাটি দিলে কি আর রাস্তা ভালো হয়? উল্টো ধুলবালু ওড়ে।’ এলাকাবাসী জানায়, রাস্তাটি বছর দুয়েক ধরে ভাঙাচোরা, কিন্তু ভালো করার কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। এই রাস্তা সম্পর্কে ডিসিসির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘রাস্তাটির দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সামনে কাজ শুরু হবে।’ কবে কাজ শুরু হবে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘কাজ তো আর আমি করব না। সময় হলেই কাজ শুরু হবে।’