এবড়োখেবড়ো সড়ক, কাদা পানিতে একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাজুড়ে কাদার স্তূপ। বিশাল বিশাল গর্ত, কোথাও কোথাও বৃষ্টির পানি জমে জলাশয় হয়ে গেছে। এর ওপর জমেছে শেওলার স্তর ও ঘাস।রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৪ নম্বর হয়ে ভাষানটেক যাওয়ার রাস্তার এমনই দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাঁরা চলাচল করেন, তাঁদের দুর্ভোগের শেষ নেই।ধানমন্ডির রাসেল স্কয়ার থেকে দারুস সালাম টেকনিক্যাল মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পার হতেও একই রকম দুর্ভোগের শিকার হতে হচ্ছে নগরবাসীকে।কমলাপুর বাজার সড়কের দৈর্ঘ্য আধা কিলোমিটারেরও কম। গত ছয় মাসেও সড়কটি সংস্কার করতে পারেনি সিটি করপোরেশন। আর এবড়োখেবড়ো রামপুরা সড়কের সংস্কারকাজ সম্প্রতি শেষ হলেও মানুষের দুর্ভোগ কমেনি। দুর্ভোগের নতুন কারণ হলো, রাস্তার ওপর সিটি করপোরেশনের বড় বড় ডাস্টবিন আর ফুটপাতে অবৈধ দখল।মহাদুর্ভোগে মিরপুরের মানুষ: মিরপুরের ১০ নম্বর গোলচক্কর থেকে ১৪ নম্বর হয়ে সেনানিবাসের দিকে যাওয়ার পথটির দুই পাশে ১৩টি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, ১৪ নম্বর সরকারি কোয়ার্টার, ন্যাম সরকারি কোয়ার্টার ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় এ এলাকায়। প্রতিদিন লক্ষাধিক মানুষ ভোগান্তিকে সঙ্গী করে এ পথে যাতায়াত করে।এলাকাবাসী জানান, ঢাকা ওয়াসা চার মাস আগে এই রাস্তা কেটেছিল। আর মেরামত করা হয়নি। ফলে বর্ষা শুরু হওয়ার পর জলে-কাদায় একাকার এই সড়কে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। স্কলাসটিকা, মনিপুর স্কুল, হারমেন মেইনারসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসা শিক্ষার্থীরা প্রতিদিন কাদায় মাখামাখি হচ্ছে।বিআরটিএ কার্যালয় থেকে ১৩ নম্বরের দিকে যাওয়ার পথে ডান দিকে গড়ে ওঠা অবৈধ ট্যাক্সিস্ট্যান্ড রাস্তাটিকে আরও সংকুচিত করে ফেলেছে। রাস্তাটির এক পাশ ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ায় অন্য পাশে যানবাহনের চাপ বেড়েছে।মিরপুর ১০ নম্বর থেকে বনানী ও সেনানিবাসের দিকে যাওয়ার রাস্তার বর্ণনা করতে গিয়ে ম্যাক্সি গাড়ির চালক মামুন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কোন গাড়ি কখন কোন গর্তে পড়ে আটকে যায়, তার কোনো ঠিক নেই। গাড়ি এমন ঝাঁকায়, দুই দিন পরপর স্প্রিং ভাঙে। আর যাত্রীরা তো ভর্তা বনে যায়।’উঁচু-নিচু সড়ক: রাস্তা কাটাকাটির পর দায়সারা গোছের সংস্কার আর বৃষ্টির পানিতে ঢালাই উঠে যাওয়ায় রাজধানীর মিরপুর সড়কের বেশির ভাগ অংশই এখন অসমতল। উঁচু-নিচু এই সড়কে ঝাঁকুনি খাওয়া এ পথের যাত্রীদের যেন এখন নিত্যদিনের শরীরচর্চার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।ধানমন্ডির রাসেল স্কয়ার থেকে দারুস সালাম টেকনিক্যাল মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার এক পাশ কাটা হয় পানির পাইপলাইন বসানোর জন্য। সম্প্রতি মাটি ভরাট করে তাতে পিচ ঢালাই দেওয়া হয়। কিন্তু নতুন করে পিচ ঢালাই করা এই রাস্তার কোনো কোনো স্থানে ঢালাই দেবে গেছে, আর কোনো জায়গায় ঢালাই উঁচু হয়ে গেছে মূল রাস্তা থেকে। ফলে খানাখন্দ তৈরি হয়েছে সড়কজুড়ে।সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল মোড় থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের দিকে যেতে রাস্তার একাধিক জায়গায় গর্ত। এর মধ্যে দারুস সালাম এলাকায় মেসার্স রহমান সার্ভিস স্টেশনের সামনে, দক্ষিণ কল্যাণপুর শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে ও বিআরটিসি বাস ডিপোর প্রবেশমুখে একাধিক খানাখন্দ রয়েছে। বৃষ্টির সময় এসব গর্ত থেকে ইট, পাথর ও পানি ছিটকে পড়ে যাত্রীদের গায়ে। শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকায়ও এ ধরনের খানাখন্দ দেখা যায়।এলাকাবাসী জানান, দারুস সালাম টেকনিক্যাল মোড়ে রাস্তা কাটা হয় দেড় মাস আগে। পাইপ বসানোর পর দুই সপ্তাহ আগে এ রাস্তা কার্পেটিং করা হয়। কিন্তু নিম্নমানের কাজের কারণে রাস্তার এখনো এই দশা।দারুস সালামে অবস্থিত হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (বিআরআই) একজন প্রকৌশলী বলেন, ‘পত্রপত্রিকায় লেখালেখি হওয়ার পর মানুষকে বুঝ দেওয়ার জন্য খুব হুলস্থুল করে রাস্তাটি মেরামত করা হয়। কিন্তু কাজের কোনো মান রক্ষা করা হয়নি।’গাবতলী বাস টার্মিনালের প্রবেশমুখ হওয়ায় এ জায়গা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। এই সড়কের কিছু অংশ ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ ও কিছু অংশ উত্তর এলাকায় পড়েছে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকশিম এ খান প্রথম আলোকে বলেন, ‘পানির পাইপলাইন বসাতে অনেক আগেই আমাদের খোঁড়াখুঁড়ির কাজ শেষ হয়ে গেছে। মিরপুর সড়কসহ ১০ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য দুই সিটি করপোরেশনকে ছয় কোটি টাকা পরিশোধ করা হয়েছে।’পান্থপথে ভয়াবহ অবস্থা: এ মুহূর্তে রাজধানীর পশ্চিম পান্থপথ সড়কে পাইপ বসানোর কাজ চলছে। স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশ থেকে পূর্ব দিকে গ্রিন রোডের মোড় পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা কাটা হয়েছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়ক কাটা হয়েছে রাস্তার মাঝ-বরাবর। পাইপ বসানোর পর সপ্তাহ খানেক আগে কাটা রাস্তায় ইটের খোয়া ফেলা হলেও কার্পেটিংয়ের কাজ হয়নি। ফলে রাস্তার কোনো কোনো অংশ মূল সড়ক থেকে দেবে গেছে।স্কয়ার হাসপাতালের নিরাপত্তাকর্মী শহীদুল হক জানান, খোঁড়াখুঁড়ির পর থেকে এ সড়কে সারা দিনই যানজট লেগে আছে। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে।এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘টেকনিক্যাল মোড় থেকে রাসেল স্কয়ার পর্যন্ত রাস্তার এক কিলোমিটার পড়েছে ঢাকা দক্ষিণে। এর সংস্কারকাজ হয়ে গেছে। পান্থপথ সড়কের কাজ শেষ না হওয়ায় মেরামতের কাজ করা যাচ্ছে না।’আধা কিলোমিটারে যত দুর্ভোগ: সেনা কল্যাণ ভবন থেকে কমলাপুর পর্যন্ত এই ছোট সড়কটি খোঁড়া হয় এ বছরের শুরুতে। সংলগ্ন জসীমউদ্দীন সড়কটিও একই সময় খোঁড়া হয়েছিল পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য। কিন্তু দুটি সড়ক আর ঠিক করা হয়নি। এখন বৃষ্টি হলে রাস্তায় কাদাপানির কারণে পা রাখার উপায় থাকে না। প্রগতি সরণির ভিন্ন সমস্যা: রামপুরা সেতু থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত প্রগতি সরণিতে মানুষের দুর্ভোগের নতুন কারণ হয়েছে সিটি করপোরেশনের বিশাল আকারের অসংখ্য ডাস্টবিন। সঙ্গে যুক্ত হয়েছে ফুটপাতে অবৈধ দখল। ফলে ব্যস্ত এই রাস্তায় সারা দিনই যানজট লেগে থাকে।মেরুল বাড্ডায় এসএস ডোরস অ্যান্ড ফার্নিচার নামের দোকানের উল্টো দিকে রাস্তার অর্ধেকেরও বেশি জুড়ে আছে বিশাল আকৃতির দুটি ডাস্টবিন। গতকাল সোমবার সেখানে গিয়ে দেখা যায়, রাস্তা দিয়ে দুটি গাড়ি পাশাপাশি যেতে পারে না। কিছুদূর এগোলে হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের কাছাকাছি রাস্তার ওপর বড় বড় গোটা দশেক ডাস্টবিন রয়েছে।স্থানীয় একাধিক দোকান মালিক ও রিকশাচালকেরা বলেন, মাস দুয়েক আগে প্রগতি সরণিতে পয়োনিষ্কাশন পাইপ বসানো হয়। রাস্তা খোঁড়ার দাগ এখনো আছে। অযত্ন আর দায়সারা কাজের ছাপ প্রগতি সরণিজুড়ে।রাজধানীর অন্য এলাকার মতো প্রগতি সরণির ফুটপাতও দোকান-মালিক ও হকাররা নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে। যে যার সুবিধামতো ফুটপাত দখল করে ঘেরাও, গর্ত বা ঢালু করেছে, আটকে দিয়েছে। এ ছাড়া বালু, খোয়াসহ অন্যান্য নির্মাণসামগ্রীও রাখা হয়েছে ফুটপাতে। মার্কিন সাংস্কৃতিক কেন্দ্রের সামনের রাস্তায় আবর্জনার স্তূপ।[সরেজমিনে ঘুরে প্রতিবেদনটি লিখেছেন শিশির মোড়ল, সেলিম জাহিদ ও ইফতেখার মাহমুদ]