এভাবে চলতে থাকলে ব্যবসা লাটে উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি তরমুজ বেচেছি ১২০ টাকায়। অন্য দিনে এই সময়ে অন্তত দেড় থেকে দুই হাজার টাকার কেনাবেচা হয়। গত বুধ ও বৃহস্পতিবারের হরতালেও একই অবস্থা। এভাবে চলতে থাকলে ব্যবসা লাটে উঠবে।’ আজ রোববার হরতাল চলাকালে মতিঝিলের শাপলা চত্বরের ফুটপাতে তরমুজ ব্যবসায়ী মো. জামাল মিয়া ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন।জামাল মিয়া বলেন, তাঁর দোকানে দুজন কর্মচারী আছেন। তাঁদের প্রতিদিন ৬০০ টাকা দিতে হয়। আর নিজের পরিশ্রম তো আছেই। হরতালের কারণে কেনাবেচা নেই। তাই নিজের পুঁজি থেকেই কর্মচারীদের বেতন ও নিজের সংসার চালাতে হচ্ছে। আক্ষেপ করে বললেন, ‘যাঁরা হরতাল দেন, তাঁদের তো কোনো চিন্তা নেই। কেবল মরতে হয় আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের।’মতিঝিলের দিলকুশা ব্যাংকপাড়ায় জীবন বীমা টাওয়ারের সামনে পান ও সিগারেটের দোকানি আলাউদ্দিন বলেন, হরতালের কারণে মানুষের চলাচল অনেক কম। তাই বিক্রিও কমে গেছে।দিলকুশা এলাকায় কথা হয় রিকশাচালক শিপনের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল নয়টায় রিকশা নিয়ে বের হয়েছি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ৫০ টাকা আয় হয়েছে। হরতালের কারণে লোকজন বের হচ্ছে না। কেবল অফিসগামী লোকজন বের হয়েছে। এরপর আর খ্যাপ নেই।’বাংলাদেশ ব্যাংকের সামনে যাত্রীর অপেক্ষায় বসেছিলেন রিকশাচালক মো. জমসেদ। তিনি জানান, সকাল সাড়ে আটটায় তিনি রিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছেন। দুপুর নাগাদ ২০০ টাকা আয় হয়েছে। অন্য দিনে চার থেকে পাঁচ শ টাকা আয় হতো। ‘এভাবে চলতে থাকলে আমাগো মতো গরিবদের না খেয়ে মরতে হবে।’ বললেন তিনি।মতিঝিল এলাকার ফুটপাতের চায়ের দোকানি জামাল জানান, সকাল থেকেই মানুষ কম। তাই আয়ও কম।বাংলাদেশ ব্যাংকের বের হওয়ার ফটকের পাশে জুতা পলিশের দোকান প্রাণ বল্লবের। তিনি জানান, শারীরিকভাবে তিনি অসুস্থ। তার পরও বাসা থেকে বের হয়েছেন। সকাল থেকে ১০০ টাকা আয় হয়েছে। এ দিয়ে কেবল ওষুধ কেনা যাবে বলে জানান তিনি। হরতালের কারণে তাঁর আয় কমে গেছে।দিলকুশা বাণিজ্যিক এলাকায় পরোটার দোকানি কুটি মিয়া বলেন, হরতালের কারণে সকাল থেকেই লোকজন কম। তাই বেচাকেনা নেই। টানা হরতালের কারণে তাঁর ব্যবসার অবস্থা খুবই খারাপ বলে জানান তিনি।