এভাবে পথে বসানোর কোনো মানে নেই
চট্টগ্রামে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের সংকট সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রাম ও ঢাকা দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিষ্কার বুঝতে পারছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণেই পুঁজিবাজারে আজকে এভাবে মুখ থুবড়ে পড়ছে। তাই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আমাদের আবেদন, এসব অভ্যন্তরীণ সংকটের সমাধান না হওয়া পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন বন্ধ রাখুন। আমাদের এভাবে পথে বসানোর কোনো মানে নেই।’ তিনি বাজারের অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও সরকারের স্পষ্ট ভূমিকা আশা করেন।ধারাবাহিক দরপতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রকাশ করেন। অধিকাংশ ব্রোকারেজ হাউসই ফাঁকা ছিল। সকালের দিকে কিছু বিনিয়োগকারী এলেও তাঁরা বেশিক্ষণ ছিলেন না। দরপতনের দৃশ্য দেখে হতাশ হয়ে বেরিয়ে যেতে থাকেন কিছুক্ষণের মধ্যে।নগরের আগ্রাবাদের একটি ব্রোকারেজ হাউসে শাহেদ হোসেন নামের এক বিনিয়োগকারীর সঙ্গে। তিনি বললেন, ‘হাউসে থেকে আর কী হবে? যা হওয়ার তা তো হচ্ছেই। আমার পাঁচ লাখ টাকার মধ্যে গত দুই দিনে ৮০ হাজার টাকাই জলে ভেসে গেছে। কী করব বুঝতে পারছি না।’চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দীপক কুমার পালিত বলেন, ‘এখন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারেন। এ ছাড়া কেউ সমাধান দিতে পারবেন বলে মনে হয় না।’ তিনি এ প্রসঙ্গে বিভিন্ন উন্নত দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরেন এবং সংকট মোকাবিলায় সরকারপ্রধানের এগিয়ে আসার নজির তুলে ধরেন।