প্রথম আলো: যেকোনো কোম্পানিতে প্রশাসক বসানোর জন্য সরকার কোম্পানি আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে। কীভাবে দেখছেন বিষয়টি?এম জহির: কোম্পানি আইন সংশোধন করে প্রশাসক বসানোর উদ্যোগের অপব্যবহার হতে পারে, খারাপ উদ্দেশ্যে ব্যবহূত হতে পারে। এ ছাড়া এই আইন কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকেও দমন করা হতে পারে। আর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেও এই আইন ব্যবহূত হতে পারে। প্রশাসকেরাই সব সময় এই আইন সংশোধনের সুবিধা পাবেন।উদাহরণ দিয়ে বলা যায়, কোনো প্রভাবশালী মন্ত্রীর আত্মীয়র সঙ্গে কোনো ব্যবসায়ীর বিরোধ রয়েছে। তখন ওই আত্মীয় মন্ত্রীর কাছে গিয়ে বলল, ওই প্রতিষ্ঠানটি খারাপ। আর আদালতের মাধ্যমে প্রতারক প্রমাণিত হওয়া ছাড়াই সরকার ওই প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে দিল। তখন কী হবে?আইন সংশোধনের উদ্যোগটি হয়তো বর্তমান সরকার নির্দোষ ভাবনা থেকেই নিয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল তো সব সময়ই সরকারে থাকবে, তা নয়। অন্য দল ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধেও এই আইনটি কাজে লাগাতে পারে। ওই সরকারের আমলে ক্ষমতাসীনেরা প্রতিহিংসাপরায়ণ হতে পারে, তখন কী হবে? সুতরাং বলা যায়, আদালতের নির্দেশনা ছাড়া কোনো কোম্পানিতে প্রশাসক বসানোর ক্ষমতা সরকারের হাতে থাকলে এর অপব্যবহার হতে পারে। এর পরিণতিও ভয়ানক হবে। সরকারের হাতে এই ক্ষমতা দেওয়ার বিষয়টি সরল বিশ্বাসে করা হলেও একটি অভিযোগ সব সময় থাকবে যে রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা ব্যক্তিগত প্রতিহিংসাপরায়ণ হয়ে ব্যবহার করা হচ্ছে।প্রথম আলো: শুধু কি ডেসটিনি কিংবা হল-মার্কের মতো কেলেঙ্কারি রোধে এই আইন সংশোধন?এম জহির: এক ডেসটিনি কিংবা হল-মার্কের জন্য আইন সংশোধন করে সব প্রতিষ্ঠান ধ্বংসের হুমকির মুখে পড়বে—এটা হতে পারে না। সরকার নিজেই বলল, ডেসটিনি প্রতারক প্রতিষ্ঠান। এখন প্রতারক প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে কেন চালাতে হবে? এত লোক চাকরি করে বলেই কি সেখানে প্রশাসক বসাতে হবে?কোনো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়ার পর কর্মীরা নিয়মিত বেতন-ভাতা চাইবে। নিয়মিত বেতন-ভাতা দিতে না পারলে প্রতিষ্ঠানের মধ্যে অস্থিরতা আরও বাড়বে। তাতে প্রশাসক বসানোর সুফল পাওয়া যাবে না। আর ডেসটিনির মতো প্রতারক প্রতিষ্ঠানে বহু লোক বিনিয়োগ করেছেন। সরকার কেন এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের জন্ম রুখতে পারল না? এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা নিজ দায়িত্বেই করেছেন।প্রথম আলো: বর্তমান কোম্পানি আইনেই তো কোম্পানির ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সুযোগ আছে।এম জহির: বিদ্যমান কোম্পানি আইনে সরকার চাইলেই একটি কোম্পানির ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিতে পারে। বিদ্যমান আইনে ধ্বংসোন্মুখ বা বদমাশজাতীয় প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নেওয়ার বিধান রয়েছে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে সরকার তদন্ত করতে পারে। আর তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তা আদালতে উপস্থাপন করতে হবে। তখন আদালতই বলে দেবেন, কীভাবে কোম্পানিটি পরিচালিত হবে। সরকার চাইলে এভাবে অভিযুক্ত কোম্পানিটির ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ নিতে পারে।তবে বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানিগুলোর জন্য আলাদা আইন থাকা উচিত। আর সেই আইনে প্রশাসক বসানোর সুযোগ রাখা যেতে পারে।প্রথম আলো: যেকোনো আইন সংশোধন করতে হলে কী প্রক্রিয়া হওয়া উচিত? এম জহির: আমি মনে করি, পুরো কোম্পানি আইনটি যেভাবে আছে, সেভাবেই থাকা উচিত। কোনো রকম প্রাথমিক তদন্ত বা আদালতের নির্দেশনা ছাড়া কোম্পানি আইনটির বর্তমান কাঠামো পরিবর্তন করে সরকারকে প্রশাসক বসানোর মতো স্বেচ্ছাচারী ক্ষমতা দেওয়ার কোনো কারণ দেখছি না। কেননা, বর্তমান কোম্পানি আইনেই আদালতের নির্দেশনার মাধ্যমে প্রশাসক বসানো সম্ভব।আর আইনটির কোথাও কোনো পরিবর্তন করতে হলে সব পক্ষের মতামত নিয়েই তা করা উচিত। কোম্পানি আইনের কোন ধারা পরিবর্তন করা দরকার, সে জন্য একটি কমিটি গঠন করা যেতে পারে। তবে যেকোনো আইন পরিবর্তন করার আগে বিভিন্ন দেশের একই ধরনের আইনগুলো বিচার-বিশ্লেষণও করা দরকার।প্রথম আলো: এভাবে আইন সংশোধন করলে উদ্যোক্তারা কি আস্থা ধরে রাখতে পারবেন? এম জহির: বিনিয়োগকারীরা সব সময়ই তাঁদের বিনিয়োগের নিরাপত্তা চাইবেন। কিন্তু প্রশাসক বসানোর সুযোগ রেখে আইনটি সংশোধন করা হলে বিনিয়োগকারী কিংবা উদ্যোক্তারা আস্থাহীনতায় ভুগবেন। তাঁদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা বিঘ্নিত হবে। ফলে স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগপ্রবাহ কমতে পারে।ড. এম জহির: জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্ট