এভাবেই পুষ্টি থেকে গেল বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলেই শিক্ষার্থীদের খাওয়ার জন্য রয়েছে হল ক্যানটিন ও মেস। এর সঙ্গে যোগ হয়েছে ডাকসু ক্যাফেটেরিয়া, টিএসসি ক্যাফেটেরিয়াসহ ক্যাম্পাসের আরও বেশ কিছু খাবারঘর। বিশ্ববিদ্যালয়ের খাবারের মান আর পুষ্টিমানের অবনতি সত্ত্বেও দিনের পর দিন আবাসিক শিক্ষার্থীরা এগুলো খেতে বাধ্য হচ্ছেন। হালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের ঠিকুজি জানাচ্ছেন আলী আসিফ ও তানজিল আহমেদপ্রশাসনের ব্যবস্থা অপ্রতুলডাকসু ক্যাফেটেরিয়ায় ঢুকতেই বিশাল লম্বা লাইন দেখা গেল। এই লাইন শেষ হতে হতে কমপক্ষে ঘণ্টাখানেক সময় পেরিয়ে যাবে। এক টুকরো মুরগির মাংস, আলু ভর্তা আর ভাতের জন্য এই লাইন। লাইন দেখেই কেউ কেউ ফিরে যাচ্ছিলেন। লাইনে দাঁড়ানো একজন শিক্ষার্থী বললেন, ‘আধাঘণ্টার বেশি হবে লাইনে দাঁড়িয়ে আছি, অথচ লাইন ছোট হচ্ছে না, বরং বাড়ছে!’বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালিত দুটি ক্যানটিন ডাকসু ও টিএসসি ক্যাফেটেরিয়ায় একবার লাইন ধরে টোকেন নিতে হয় এবং আবার লাইন ধরে খাবার সংগ্রহ করতে হয়—এই ধকল শেষ হলেও আবার রয়েছে বসার জন্য অপেক্ষা। অর্থাৎ, চেয়ার-টেবিলের সংকট রয়েছে। অনেক শিক্ষার্থীই আছেন, যাঁরা ক্যানটিনে না খেয়ে এখানে নিয়মিত খান। গত সোমবার দুপুরে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনের বারান্দায় বসে খাচ্ছিলেন কয়েকজন। এদের একজন জিয়াউর রহমান হলের তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘ভেতরে বসার জায়গা না পাওয়ায় এখানেই খেতে বসেছি।’প্রতিদিন শত শত শিক্ষার্থী এখানে এসে না খেয়ে ফিরে যান। কারণ হিসেবে খাবারের ঘাটতির কথাই জানা যায়। গত রোববার রাত আটটার দিকে খাবার খেতে এসে ফিরে যাচ্ছিলেন জসীমউদ্দীন হলের শিক্ষার্থী জাহিদ। তিনি বলেন, ‘এটা কেমন নিয়ম যে সন্ধ্যা সাতটায় আসতে হবে খাবার খেতে? একটু দেরিতে আসলে আর খাবার পাওয়া যাবে না। সন্ধ্যায় কি কেউ রাতের খাবার খায়?’ তাঁর মতো অভিযোগ আরও অনেকেরই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আটটার পর এলে আর খাবার পাওয়া যায় না। খাবার-সংকটের কারণ হিসেবে জানা গেছে, খাবার বিক্রি না হওয়ার ভয়ে কম করে রান্না করা হয়। তাই এক ঘণ্টার মধ্যেই খাবার শেষ হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এখানে প্রায়ই ভাত কিংবা খিচুড়ি ভালোভাবে সেদ্ধ হয় না। তখন চালের মতো শক্ত ভাতই খেতে হয়। আর মুরগির মাংসের টুকরো দিন দিন ছোট হয়ে আসছে। ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিব বলেন, ‘কর্তৃপক্ষ প্রয়োজনে টাকার পরিমাণ বাড়িয়ে খাবারের মানটা ভালো করতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনই যদি এই খাবার খাওয়ায়, তাহলে ক্যানটিনের খাবারের মান তো ঠিকই আছে।’ মজাদার খাবারের খোঁজে আইবিএর ক্যানটিনেক্যাম্পাসের সবচেয়ে মজার খাবার কোথায় পাওয়া যায় এই প্রশ্নের উত্তরে ঘুরেফিরে আইবিএর ক্যানটিনের নামই আসবে সবার আগে। মধুর ক্যানটিনের পাশেই ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবনেই (আইবিএ) এই ক্যানটিনটির ঠিকানা। সকালের নাশতা, দুুপুরের খাবার এবং সন্ধ্যার নাশতাটা বেশ তরতাজাই পাওয়া যায় এখানে। আইবিএর ক্যানটিনে খাবারের চনমনে গন্ধ আর স্বাদ চেখে দেখতে হলে পকেটের পয়সাটাও খসাতে হয় বেশি। ক্যাম্পাসের যেকোনো ক্যানটিনের চেয়ে এখানে খাবারের দাম একটু বেশি। তার পরও রুচিসম্মত খাবার আর রান্নার গুণের কারণে ভোজনরসিকেরা ঠিকই ভিড় জমায় এখানে। আইবিএর ক্যানটিনে নিয়মিত খেতে আসা এক শিক্ষার্থী বলছিলেন, ‘দাম একটু বেশি হলেও তৃপ্তিসহকারে খাওয়া যায় এখানে।’ আইবিএর ক্যানটিনে মেঝেতে বসে খাওয়ার নিয়ম। কারণ অন্য ক্যানটিনের মতো এখানে কোনো চেয়ার-টেবিল বা বসার বেঞ্চের ব্যবস্থা নেই। তাই সাধারণ শিক্ষার্থীরা পা ছড়িয়ে ক্যানটিনের মেঝেতে কিংবা বারান্দায় বসে আহারপর্বটা সারেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গোছের ছাত্রনেতা আর আবাসিক হলগুলোর ক্ষমতাসীন দলের নেতা-পাতিনেতারা ভিড় করেন ক্যানটিনের হেঁসেলে। রান্নাঘরের কোনায়, ক্যানটিনের কাউন্টারের পেছনে বসে তাঁরা মাছের বড় মাথাটা, মাংসের বড় টুকরোটা দিয়ে উদরপূর্তি করেন। পেশিশক্তির প্রভাব আর ক্ষমতার দাপটের ঢেউ আইবিএর ক্যানটিনেও লক্ষণীয়। এত কিছুর পরও ক্যাম্পাসে আয়েশি খাবারের একমাত্র ভরসা এই ক্যানটিন। কারণ একমাত্র এখানেই বোয়াল মাছ, চিংড়ি, কই, ইলিশ ভাজার মতো সুস্বাদু খাবার পাওয়া যায়। সেই সঙ্গে হরেক পদের শাকসবজি তো আছেই। ক্যানটিনের খাবারে অরুচি‘মনে হয় এখানে ভর্তি হয়ে ভুল করেছি। হয়তো কোনো পাপ করেছিলাম। তার মাশুল দিতে হচ্ছে এখানে এসে।’ সার্জেন্ট জহুরুল হক হলের ক্যানটিন থেকে খেয়ে বের হতেই বলছিলেন হলের শিক্ষার্থী সাব্বির। ক্যানটিনের খাবার কেমন? এমন প্রশ্নে তিনি এই উত্তর দিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের ক্যানটিনের অবস্থাই খারাপ। এসব ক্যানটিনে খেতে খেতে কেউ কেউ অভ্যস্ত হয়ে গেছেন, কেউ কেউ একবেলা এখানে খান তো আরেক বেলা খান বাইরে। আবার অনেকে ভুলেও ক্যানটিনে পা ফেলেন না। কারণ ক্যানটিনের খাবার তাঁদের গলা দিয়ে নামতে চায় না। নরম হয়ে আসা মাছ-মাংস, পচা আলুর ভাজি আর পোকাযুক্ত চালের ভাত রাজত্ব চালায় ক্যানটিনগুলোতে। আর হাত ধোয়ার পানির মতো বিখ্যাত সেই ডাল তো আছেই। এসব খেয়েই শিক্ষার্থীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে।জিয়া হলের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘হলের আশপাশের টং দোকানগুলোতে খাওয়ার জন্য ভিড় লেগে থাকার কারণ ক্যানটিনের পচা খাবার। ক্যানটিনে দুই দিন খাইলে আর খেতে ইচ্ছে করে না।’ বেশির ভাগ ক্যানটিনের রান্নাঘরের পরিবেশ নোংরা। ঘিঞ্জি পরিবেশে তরকারি কাটা থেকে শুরু করে রান্না করা হয়। বিভিন্ন হলের ক্যানটিনের খাবারগুলোর তালিকায় খাবারের মূল্যেও তারতম্য দেখা গেছে। একেক ক্যানটিনের খাবারের দাম একেক রকম। সূর্যসেন হল ক্যাফেটেরিয়ায় যে রুই মাছের দাম ৩০ টাকা, সেই একই মাছের দাম অন্য হলে ২৫ টাকা। অন্য মাছ, মাংস, সবজির দামের ক্ষেত্রেও একই তফাৎ দেখা গেছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যানটিনগুলোতে খাবারের দাম দিন দিন বাড়ছে। অথচ খাবারের মান আগের থেকে আরও খারাপ হচ্ছে। ক্যানটিনে ঢুকলে খাওয়ার ইচ্ছেটা আর থাকে না। তাঁদের অভিযোগ, ক্যানটিনে হলের নামধারী নেতাদের অনেকেই ফ্রি খেয়ে থাকে। তারা মাছ, মাংস, ডিম খেয়ে একটির দাম দেয়, আবার কেউ কেউ বাকি খেয়ে টাকা পরিশোধ করে না। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। বেশি দামে নিম্নমানের খাবার হজম করতে হচ্ছে তাঁদের। মন্দের ভালো মেসঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলেই শিক্ষার্থীদের জন্য রয়েছে মেস। লুমিনাস, নেক্সাস, ফয়েটসের মতো বিদেশি নাম থেকে শুরু করে বন্ধন, সোনার বাংলা প্রভৃতি নামের মেসগুলোতে শিক্ষার্থীরা মাসের খাবারের টাকা এককালীন জমা দেন। নিজেরাই বাজার করে নিজেদের পছন্দানুযায়ী খাবার খেতে পারেন মেসের সদস্যরা। এই আয়োজনও প্রায়ই ব্যর্থ হয় পুষ্টিমানসমৃদ্ধ খাবার পরিবেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের বন্ধন মেসের ব্যবস্থাপক জসীমউদ্দীন জানান, সাধারণত দুই বেলার খাবার হিসাব করে টাকা জমা নেওয়া হয় মেসগুলোতে। প্রতি মাসের শুরুতে মেসভেদে দুই বা তিনজন সদস্যকে এক মাসের খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। আবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে মেসের সদস্য হওয়ার নিয়ম থাকলেও, অনেক মেসেই অনাবাসিক শিক্ষার্থীরাও সদস্য হতে পারেন। তবে কিছু মেসের সদস্য হতে গেলে মানতে হয় কিছু বিশেষ নিয়ম। জগন্নাথ হলে জ্যেষ্ঠ ছাত্রদের জন্য অর্থাৎ তৃতীয় বর্ষ ও এর ওপরের বর্ষের ছাত্রদের জন্য রয়েছে তৃপ্তি আমিষ মেস। প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য রয়েছে রসনা বিলাস। যাঁরা মাছ-মাংসের ধারেকাছে ঘেঁষেন না তাঁদের জন্য রয়েছে নিরামিষ মেস। মেসগুলো পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসনিক কর্মী রয়েছেন প্রতিটি হলেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে মেস নেই। তাঁদের ভরসা কেবল ক্যানটিন ও ডাইনিং।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলের মেসে ঘুরে দেখা যায়, প্রতিবেলার খাবারে মাছ অথবা মাংসের সঙ্গে একটা ভর্তা কিংবা সবজি থাকে। মেসের খাবারের পরিমাণ নিয়েও আপত্তি তোলেন শিক্ষার্থীরা। জিয়া হলের আবাসিক ছাত্র রুহুল আমিনের মতে, মাঝেমধ্যে তরকারির বাটিতে মাংসের টুকরো খোঁজার জন্য রীতিমতো অভিযান চালাতে হয়। মাছ-মাংসের টুকরোটা প্রায়ই এমন আকার ধারণ করে যে সেগুলো দিয়ে ঠিকমতো উদরপূর্তি করতে পারেন না মেসের সদস্যরা। তবে ক্যানটিনের তুলনায় মেসের খাবারের মান অপেক্ষাকৃত ভালো বলে জানালেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেসগুলোতে যাঁরা এক মাসের জন্য ব্যবস্থাপক হিসেবে কাজ করেন, তাঁদের অনেকের নামেই অব্যবস্থাপনার অভিযোগ ওঠে প্রায়ই। হলের রাজনৈতিক কর্মীদের নিয়মবহির্ভূতভাবে মেসে খাওয়ানোর অভিযোগও রয়েছে। শুক্রবার কিংবা ছুটির দিনগুলোতে মেসে খাওয়ার জন্য বেশ বড়সড় লাইনে দাঁড়াতে দেখা যায় মেসের সদস্যদের। আগে এলে আগে পাবেন ভিত্তিতে খাওয়া চলে বলে শিক্ষার্থীরা জানান। তবে মেসের সবচেয়ে আনন্দের দিন বোধহয় মাস শেষে বিশেষ ‘ফিস্ট’ খাওয়ানোর দিন। এই দিন মেসের বাতাসে ভাসতে থাকে সুস্বাদু খাবারের ঘ্রাণ। পুষ্টির অভাবঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের ক্যানটিন এবং মেসে প্রতি বেলায় যেসব খাবার খেয়ে থাকেন তাতে শর্করা, আমিষ আর স্নেহের পরিমাণ কতটুকু থাকে সে বিষয়ে কোনো গবেষণা করা হয়নি। তেমনি বিশ্ববিদ্যালয়পড়ুয়া একজন ছেলে বা মেয়ের প্রতিবেলার খাবারে কতটুকু পরিমাণ খাদ্য-উপকরণ থাকা প্রয়োজন সেটা নিয়েও একেবারে ভাবছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর খুরশীদ জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়েদের যে বয়স, তাতে তাদের প্রতিবেলার খাবারে গড়ে ২৮০০ থেকে ৩০০০ কিলোক্যালরি থাকা উচিত। শারীরিক পরিশ্রমের ওপরও ক্যালরির চাহিদা নির্ভর করে।’এক বেলার সুষম খাবারে ৬০ শতাংশ শর্করা, ১০ থেকে ২০ শতাংশ আমিষ, ২০ থেকে ২৫ শতাংশ স্নেহ এবং বাকি অংশে মাইক্রো নিউট্রিশনের জন্য ভিটামিনের উপাদান থাকা প্রয়োজন বলেও তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়া ও টিএসসি ক্যাফেটেরিয়াতে যে খাবার পরিবেশন করা হয় তাতে শর্করা, আমিষ ও স্নেহের উপস্থিতি থাকলেও ভিটামিনের উপাদান একেবারেই থাকে না। ভাতের শর্করা, মাংসের টুকরোর আমিষ আর আলুভর্তার শর্করা দিয়েই প্রতিবেলার খাবার পরিবেশন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া সুষম খাদ্যের জন্য প্রতিবেলায় ১৫ গ্রাম মাংস অথবা ৬০ গ্রাম মাছের কথা পুষ্টিবিদেরা উল্লেখ করলেও বিশ্ববিদ্যালয়ের খাবারের এই উপাদান কখনোই পরিমাপ করার প্রয়োজন মনে করেনি কর্তৃপক্ষ। পর্যাপ্ত শাকসবজির অভাবে ভিটামিনের ঘাটতি থেকেই যাচ্ছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রদের। ফলে শিক্ষার্থীদের শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে বলেও জানালেন খুরশীদ জাহান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনগুলোর যে পরিবেশ, তাতে খুব সহজেই জীবাণু ছড়াতে পারে খাবারে। তা ছাড়া যারা খাবার পরিবেশন করে, তাদের কাছ থেকেও ডায়রিয়া, জন্ডিস কিংবা অন্যান্য রোগের জীবাণু সংক্রমিত হতে পারে।’ বিশ্ববিদ্যালয়ের খাবারগুলো পরীক্ষা করার জন্য নেই কোনো খাদ্যপরীক্ষক। এ ছাড়া খাবারের উপাদান নির্ধারণের ক্ষেত্রেও মানা হয় না কোনো পুষ্টিমান। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ক্যানটিন পরিচালক বলেন, ‘সকালে বাজার কইরা নিয়া আসি। তারপর সেইগুলো দিয়ে খাবার তৈরি করি। মাছ কিংবা মাংসের টুকরো কতটুকু হবে, কোন উপাদান কতুটুকু থাকতে হবে, এসবের কোনো কিছুই আমরা জানি না।’বিকল্প খাবারের খোঁজমহসীন হলের দ্বৈতাবাসিক ছাত্র রকিবুল হাসান এখন ভাতের পরিবর্তে প্রায়ই দুপুরে খাচ্ছেন দই-চিঁড়া। রাতে হলের দোকানে খিচুড়ি। তাঁর মতো অনেকেই এখন আর হলের ক্যানটিনে যান না। খাবারের প্রয়োজনে তারা ঢুঁ মারেন কাছের কোনো দোকানে। যেখানে খিচুড়ি, চিঁড়া, পরোটার মতো খাবার পাওয়া যায়। এ বিষয়ে রকিবুল হাসান বলেন, ‘ক্যানটিনে দুই-এক দিন খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না। তার চেয়ে টং দোকানে বসে ডিম-খিচুড়ি কিংবা শুকনো পরোটা খাওয়া অনেক ভালো।’ ক্যানটিনে খেতে শিক্ষার্থীদের অনীহাকে কাজে লাগাচ্ছে চা-বিস্কুট বিক্রির ছোট ছোট দোকান। জসীমউদ্দীন হলের সব চায়ের দোকানে সকালবেলা খিচুড়ি বিক্রি হয়। রাতে আবার কেউ কেউ খিচুড়ির পাশাপাশি পরোটাও বিক্রি করে। মহসীন হলের সামনের দোকানগুলোতে তো রীতিমতো ভাত, মাংস, ডিম সবই মেলে। প্রায় একই দৃশ্য দেখা যাবে জিয়া, বঙ্গবন্ধু, জহুরুল হক হলসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয়। চা-বিস্কুটের মতো হালকা খাবার বিক্রির দোকানগুলোতে তাই ক্ষুধার্ত ছাত্রদের ভিড়ে চা খাওয়াটাই হয়ে ওঠে না। জসীমউদ্দীন হল, জিয়া হল ও বঙ্গবন্ধু হলের মোহনার দোকানটিতে রাতে খিচুড়ি খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। তবে এই খিচুড়ির মানও যে ভালো না সে কথা বলছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম। তিনি বলেন, ‘শক্ত ডাল আর আধা সেদ্ধ চালের খিচুড়ি খেতে যে ভালো লাগে তা কিন্তু না। তার পরও খাই। কারণ হলের ক্যানটিন দেখলেই কেমন যেন খিদে চলে যায়।’ এ তো গেল রাতের পালা। আর দিনের বেলা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, হাকিম চত্বরের দোকানগুলোতে ভিড় বাড়তে থাকে। সবার উদ্দেশ্য খিচুড়ি আর দু-এক টুকরো মাংস ছিটানো তেহারি। এখানেও সামান্য দেরি করে গেলে আর দুপুরের খাবার পাওয়া যায় না। গত রোববার লাইব্রেরির সামনে দলবেঁধে খাওয়ার জন্য গিয়েছিলেন গ্রাফিকস ডিজাইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাঁদের একজন তানিয়া বলেন, ‘ক্লাস শেষ করেই চলে আসছি। তার পরও কোনো দোকানেই খাবার নেই। ডাকসুতেও খাবার শেষ।’ কথাগুলো বলে তাঁরা খাবারের সন্ধানে নীলক্ষেতের দিকে রওনা হলেন। ক্যাম্পাসের টংদোকানগুলোয় বিক্রি হওয়া খাবারের মান আর দাম নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ছোট্ট এক প্লেট খিচুড়ি আর ডিমের দাম রাখা হয় ২৫ টাকা। দাম বেশি রাখা হলেও খিচুড়ি পরিমাণে কম এবং মানে খারাপ। কর্তাদের কথাটিএসসি ও ডাকসুর ক্যাফেটেরিয়া দুটির পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য তো আর খাবার তৈরি করা সম্ভব নয়। আমাদের সীমাবদ্ধতার বাইরে আমরা কীভাবে খাবার দেব? শিক্ষার্থীদের ভালো খাবার দিতে পারলে তো আমাদের ক্ষতি নেই। কিন্তু জায়গা ও লোকবল-সংকট থাকায় খাবারের পরিমাণ বাড়াতে পারছি না।’ সাতটা বাজতেই রাতের খাবার বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা আগে এসেই খাবার চেয়ে চেঁচামেচি করেন। এ জন্য রাতের খাবার একটু তাড়াতাড়ি দেওয়া হয়। এখন থেকে আটটার দিকে খাবার দিতে বলবেন বলে জানান। দাম বেড়ে যাওয়ায় মাংসের টুকরোর আকার ছোট হয়ে আসছে বলে তিনি স্বীকার করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলের খাবারের মান নিয়ে কথা হয় উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, হলের ক্যানটিনে খাবারের মান যদি খারাপ হয়, তাহলে শিক্ষার্থীরা হলের প্রভোস্টদের কাছে অভিযোগ করতে পারেন। এতে প্রভোস্টরা নিজ নিজ হলের ক্যানটিনের খাবারের মান বাড়াতে উদ্যোগ নেবেন। আর টিএসসি ও ডাকসুর ক্যাফেটেরিয়ায় খাবার না পেয়ে যদি শিক্ষার্থীরা ফিরে যান, তবে খাবারের পরিমাণ বাড়ানো হবে বলে তিনি জানান।ক্যাম্পাসে ভালো খাবারের দোকান করতে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে উপাচার্য বলেন, ‘সামাজিক বিজ্ঞান অনুষদের ভবন তৈরি হচ্ছে। সেখানে একটি ক্যাফেটেরিয়া থাকবে।’