এভারেস্ট-জয়ী মুসাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সবোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করায় মুসা ইব্রাহীমকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে গোটা বিশ্বে মুসা ইব্রাহীম বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁর এ বিজয়ে আমিসহ দেশবাসী গর্বিত এবং আনন্দে উদ্বেলিত।’প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে সমতলের সন্তান মুসা এভারেস্ট জয় করে প্রমাণ করেছেন, বাঙালি বীরের জাতি, কোনো বাধাই আমাদের কাছে অজেয় নয়।’ তিনি মুসা ইব্রাহীমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। খবর বাসস।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এভারেস্ট জয় করায় মুসা ইব্রাহীমকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসানও দেশের জন্য সম্মান বয়ে আনায় মুসাকে অভিনন্দন জানান।