এখন সব কটি টিভি চ্যানেলে প্রতিদিন দেখানো হচ্ছে ‘শাহ সিমেন্ট করপোরেট’ বিজ্ঞাপনচিত্র। মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান নিয়ে তৈরি এই বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। আজকের কথোপকথন এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমর সঙ্গে।শুনেছি, হিমালয়ে প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে নাকি এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে। অভিজ্ঞতা কেমন?আমাদের পুরো দলের জন্য এটি একটি দুঃসাহসিক কাজ ছিল। দশজনের দল ছিলাম। আমরা মোটামুটি ১৬ হাজার ফুট পর্যন্ত গেছি। পূর্ব-অভিজ্ঞতা ছাড়া এত ওপরে ওঠা কঠিন কাজ তো বটেই। ওই ঠান্ডায় আর উচ্চতায় কাজ করতে পারাটাও বিশাল ব্যাপার। আমি বলব, এটি একটি ‘পারফেক্ট’ কাজ। আমার এভারেস্ট অভিযান সম্পর্কে এই বিজ্ঞাপনচিত্র সত্যিকার একটি ধারণা দেবে। এর কৃতিত্ব আমি দিতে চাই নির্মাতা অমিতাভ রেজা, চিত্রগ্রাহক রাশেদ জামান এবং তাঁদের দলকে।শুটিংয়ে কোনো বিপত্তি হয়েছিল?ক্যামেরাম্যান রাশেদ জামান হেলিকপ্টারের সহায়তায় ২৪ হাজার ফুট উঁচুতে উঠে ‘এয়ারপকেট’-এ পড়ে গিয়েছিলেন। এ ছাড়া মাউন্টেন সিকেনস মোটামুটি সবারই হয়েছে—ঠান্ডা, মাথাব্যথা, বমি বমি ভাব, সর্দি। এসব সমস্যা সবারই কমবেশি ছিল। তবে সবাই সবাইকে সাহায্য করেছেন। শেষ পর্যন্ত শুটিংটা আমরা উপভোগ করেছি। আমরা নেপাল গিয়েছিলাম নভেম্বর মাসের শুরুতে। মোট ছয় দিন শুটিং হয়েছে হিমালয়ে। তুষারধসের দৃশ্যের শুটিং হয়েছে মানালিতে। বাংলাদেশ দলকে উৎসাহ দিতে আপনি নাকি তাঁদের সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ। কদিন আগে ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আহমেদ সাজ্জাদুল আলমের সঙ্গে দেখা এক অনুষ্ঠানে। তিনিই আমাকে বলেছিলেন আমি যেন আমার অভিযান নিয়ে খেলোয়াড়দের দু-চারটা কথা বলি। খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎপর্বটা কেমন ছিল?খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা বলেছি। তাঁদের আমার এভারেস্ট অভিযানের বেশ কিছু ছবি দেখিয়েছি। এভারেস্টের চূড়ায় জাতীয় পাতাকা ওড়ানোর পর্ব দিয়ে আমার উপস্থাপনা শেষ করেছি। খেলোয়াড়দের জন্য আপনার পরামর্শ কী ছিল?তেমন কোনো পরামর্শ নয়। আমি তাঁদের বলেছি, চেষ্টা করলে তাঁরা যেকোনো ম্যাচ জিততে পারেন। সেটা নিউজিল্যান্ডকে হারিয়ে তাঁরা এরই মধ্যে প্রমাণ করেছেন। আমি তাঁদের বলেছি, ‘আপনাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনারা যেকোনো দলকে হারাতে পারবেন।’ বিশ্বাস থেকেই আসলে পারাটা শুরু হয়।সামনে আর কোনো অ্যাডভেঞ্চার?সাঁতরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছে আছে। এই সামনের মার্চ মাসে।