এভারেস্টজয়ী মুসা আজ ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম আজ ঢাকায় ফিরছেন। বহুজাতিক প্রতিষ্ঠান ইয়াঙ্গুনের একটি বিশেষ বিমান পিয়াজিও পি-১৮০ অ্যাভান্টি-টুতে করে তিনি কাঠমান্ডু থেকে দুপুর দেড়টায় রওনা দেবেন। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিকেল সাড়ে তিনটার আগেই নামবে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে গতকাল সোমবার এ তথ্য জানান প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।মুসার সঙ্গে একই বিমানে থাকবেন তাঁর স্ত্রী উম্মে সরাবন তহুরা, ছেলে ওয়াসি ইব্রাহীম, বোন নূর আয়েশা, বোনের স্বামী রাশিদুল হাসান ও নর্থ আলপাইন ক্লাবের সভাপতি হিসেবে আনিসুল হক। আজ বিকেলেই অপর একটি বিমানে ঢাকায় আসছেন এভারেস্টজয়ে মুসার তিন সহযোগী শেরপা সোম বাহাদুর, কৈলাস ও কাতিলা লাখছা। তাঁদের মধ্যে দুজন মুসার সঙ্গে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।ঢাকায় বিমানবন্দরে মুসাকে বরণ করতে তাঁর পরিবারের অপর সদস্যরা, বন্ধুবান্ধবসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে ২৩ মে সকালে এভারেস্ট জয় করেন।