এভারেস্টজয়ীরা দেশের জন্য অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চার এভারেস্ট বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা করেন, তাঁদের বীরত্ব ও আত্মবিশ্বাস আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এভারেস্ট বিজয়ীদের এক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি এ আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী এভারেস্ট বিজয়ী প্রত্যেককে ক্রেস্ট এবং এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি নতুন প্রজন্ম তাদের অনুসরণ করবে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। কারণ, এ লক্ষ্যেই ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের দুই তরুণী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনের সাফল্যেও আমি খুবই আনন্দিত। কারণ, তাদের এ সাফল্য আমাদের নারী জাতির অগ্রগতি প্রমাণ করেছে।’জাতীয় অগ্রগতিতে নারীরা অনেক অবদান রাখছে উলে¬খ করে শেখ হাসিনা বলেন, অতীতেও বেগম রোকেয়া, প্রীতিলতা ও কবি সুফিয়া কামালের মতো অনেক খ্যাতনামা নারী জাতীয় মুক্তি ও নারী জাগরণে অসামান্য অবদান রেখেছেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী বক্তব্য দেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এভারেস্ট বিজয়ীদের প্রশংসা করে স্বরচিত ছড়া পাঠ করে শোনান।মুসা ইব্রাহিমের এক অনুরোধের জবাবে প্রধানমন্ত্রী পর্বত অভিযানের ব্যাপারে জনগণকে অবহিত করতে একটি মাউন্টেইনার ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয় বিবেচনার আশ্বাস দেন। বাসস।