এভারেস্টে উড়িয়েছি দেশের পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসক্যাম্পে ফিরে মুসা ইব্রাহীমের প্রথম সাক্ষাত্কারএভারেস্টের চূড়ায় সূর্যের আলো, কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ভাগ্যক্রমে শেরপারা টের পায়, আমার অক্সিজেন মাস্কের নলে একটা ছোট্ট ছিদ্র। ছিদ্র মেরামত করার পর আবার আমি শ্বাস নিতে পারি, অক্সিজেন আমাকে বাঁচিয়ে তোলে ‘মিটুন দা, আমি বেঁচে আছি।’ প্রথম কথা ছিল এটাই। বাংলাদেশকে, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে এভারেস্টের চূড়ায়, ওই উঁচুতে নিয়ে গেছেন যে মুসা ইব্রাহীম, প্রথম কোনো বাংলাদেশির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন এই কথাটাই। জানালেন এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানোর কথা।হিমালয়ান গাইডসের ব্যবস্থাপনা পরিচালক ঈশ্বরী পাড়ওয়াল বলেছিলেন, ২৫ মে বেলা তিনটার দিকে মুসার দল বেসক্যাম্পে আসতে পারে। ওই ক্যাম্পের বাবুর্চির কাছে একটা মোবাইল ফোন আছে, আমি সকাল থেকে ফোন করা শুরু করে দিয়েছি। এর মধ্যে খবর এল, আবহাওয়া খারাপ, আজ আর নাও পৌঁছাতে পারে ওরা। বরফঢাকা পাহাড়ি উঁচু-নিচু রাস্তা; রাস্তা মানে তো রাস্তাও নয়, বরফ আর বন্ধুরতা, মাইল দশেক; পিঠে বোঝা নিয়ে, মোটা মোটা কাপড় পরে, বরফে হাঁটার জুতা পায়ে, তুষারঝড়ের ভেতর দিয়ে আসা। আজ কি তাহলে মুসা আসবেন না? হে খোদা, ছেলেটাকে নিরাপদে ফিরিয়ে আনো। সারা দিন উত্কণ্ঠা নিয়ে প্রার্থনা করছি, আর বেলা ১১টা থেকে বারবার ফোন করছি তিব্বতের ওই বেসক্যাম্পের নম্বরে। জানানো হয়, ‘ছয়টা বা সাতটায় ফোন কোরো।’ আমি দুটোয় ফোন করি, তিনটায় ফোন করি, চারটায় করি; বিরক্ত হচ্ছে হোক; ১৬ কোটি মানুষ, ৩২ কোটি কান যে খবরটা শোনার জন্য অপেক্ষা করছে, সেটার জন্য আমি ১০০ বার বিরক্ত করব! পাঁচটায় ফোন। পৌনে ছয়টায় ফোন। ‘হ্যালো, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট মুসা ইব্রাহীমস স্টাটাস!’‘মুসা ইব্রাহীম স্পিকিং।’‘মুসা, আমি মিটুন দা!’ আনিসুল হক।‘মিটুন দা, আই সারভাইভড।’মুসার কণ্ঠস্বরে আনন্দ। সেটা বেঁচে থাকার আনন্দ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলে মানুষ কতটা আনন্দিত হতে পারে, সেই আনন্দ তাঁর গলায়।আমি বলি, ‘এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তো!’ ‘হ্যাঁ।’ ‘কখন?’‘২৩ মে খুব ভোরবেলায়। আগের দিন রাত আটটায় আমরা চলতে শুরু করি। সারা রাত পাহাড় বেয়েছি। ভোরবেলায় এভারেস্টে পৌঁছাই। মিটুন দা, আমি মরতে বসেছিলাম! আট হাজার ৬০০ মিটারের দিকে গিয়ে আমি মরতে বসেছিলাম! আমার চোখ দুটো শুধু বের করা, আমি দেখছি এভারেস্টের চূড়ায় সূর্যের আলো, কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তখন ভাগ্যক্রমে আমার সঙ্গী শেরপারা টের পেয়ে গেছে যে আমার অসুবিধা হচ্ছে। তারা দেখে, আমার অক্সিজেন মাস্কের নলে একটা ছোট্ট ছিদ্র। তারা সেই ছিদ্র মেরামত করার পর আবার আমি শ্বাস নিতে পারি ঠিকমতো, অক্সিজেন আমাকে বাঁচিয়ে তোলে।’শুনে আমার চোখে জল চলে আসে। আনন্দের নাকি দুঃখের, বলতে পারব না।‘মুসা, আপনি এভারেস্টের চূড়ায় কতক্ষণ ছিলেন?’‘প্রায় ২৫ মিনিট!’আমি বলি, ‘এভারেস্টের চূড়ায় উঠে প্রথম আপনার কী মনে পড়ল?’প্রিয় পাঠক, হতাশ হবেন না, অন্য যেকোনো প্রাণীর স্বাভাবিক প্রতিক্রিয়া যা হওয়ার, তা-ই হয়েছিল আমাদের মুসা ইব্রাহীমের, ‘কখন নামতে পারব এই চূড়া থেকে, বাঁচব তো! মিটুন দা, আমি বেঁচে গেছি।’আমি বলি, ‘বাংলাদেশের পতাকা নিয়ে গিয়েছিলেন তো? ছবি-টবি ঠিকমতো তুলেছেন তো?’‘হ্যাঁ, নিয়ে গিয়েছি, এভারেস্টের চূড়ায় উড়িয়েছি বাংলাদেশের পতাকা।’আমি বলি, ‘ছবি ঠিকভাবে আনেন, আর তিব্বতের লিয়াজোঁ কর্মকর্তাদের কাছ থেকে যত রকমের সনদ আনা যায়, আনেন।’ ‘জি আচ্ছা, আনব। এখানে বেসক্যাম্পে দুই দিন থাকতে হবে। আমার মালপত্র এখনো আসেনি। ওরা পিঠে করে আনছে। ওরা আসবে। ওই দিন প্রায় ৬০ জন এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, তাঁদের অনেকেই পিছিয়ে পড়েছেন, তাঁরা আসবেন, তারপর আমরা রওনা হব। লিয়াজোঁ কর্মকর্তার সঙ্গে দেখা হবে, হয়তো আজই সার্টিফিকেট পাব।’আমি বলি, ‘আপনি কেমন আছেন? শরীর কেমন?’‘শরীরের নানা জায়গায় ব্যথা। এ ছাড়া ভালো আছি। সুস্থ আছি। আপনারা কেমন আছেন?’‘ভালো আছি। সরাবন তহুরা ভালো আছে, ওয়াসি ভালো আছে।’ফোন কেটে যায়। এটা যে এক দেশ থেকে আরেক দেশের কল, তা জানান দেয় ফোনের মিটার ফুরিয়ে যাওয়ার ঘোষণায়। দৌড়ে যাই সামনের দোকানে। ফোন কার্ড দেন। দোকানি বলে ১০০ টাকার? আরে কিসের ১০০। ২০০, ৩০০, ৫০০, এক হাজার যা পারেন দেন। আমার হুঁশ হয়। এক শ এক শ করে মোবাইলে টাকা ভরতে সময় যাবে। এর মধ্যে ফোন আসে দেশ থেকে। ‘মিটুন দা, আমি রিমি।’ মানে মুসা ইব্রাহীমের স্ত্রী সরাবন। আমি বলি, ‘এই তো মুসার সঙ্গেই কথা বলছি, ও ভালো আছে। বেসক্যাম্পে নেমেছে।’আবার ফোন দিই মুসাকে।মুসা বলেন, ‘মিটুন দা, আপনি কোথায়?’‘আমি কাঠমান্ডুতে।’‘আপনি কাঠমান্ডুতে এসেছেন?’‘আরে আমি নর্থ আলপাইন ক্লাবের সভাপতি না? শোনেন, বাংলাদেশে আপনি বীর হয়ে গেছেন, প্রথম আলোর প্রথম পাতায়, নানান পাতায় আপনার বড় বড় খবর, আপনার স্ত্রীর ছবি, আপনার বাবা-মায়ের ছবি। সব কাগজে বড় নিউজ। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী সবাই আপনাকে অভিনন্দন জানিয়েছেন। মতি ভাই বলেছেন, “যাও, ওকে রিসিভ করো।” তাই চলে এসেছি।’মুসা হাসতে থাকেন, ‘আপনি কাঠমান্ডু চলে এসেছেন?’‘আরে, পারলে পুরা দেশ কাঠমান্ডু আসে। আচ্ছা, শোনেন, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ১৬ কোটি দেশবাসীর প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আমি প্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেত্রীর অভিনন্দন আপনাকে পৌঁছে দিচ্ছি। নর্থ আলপাইন ক্লাবের সব সদস্যের অভিনন্দন পৌঁছে দিচ্ছি এর সভাপতি হিসেবে। প্রথম আলোর সবার, সব পাঠকের, সব কর্মীর, মতি ভাইয়ের অভিনন্দন আমি আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আপনার বন্ধুরা, জিয়া, সিমু নাসের, নওরোজ, মিলন ভাই, মুনির হাসান, জাফর ইকবাল স্যার, জামিলুর রেজা চৌধুরী স্যার—সবার শুভেচ্ছা আমি আপনাকে পৌঁছে দিচ্ছি।’‘আচ্ছা আচ্ছা।’ মুসার কণ্ঠস্বরে খুশির রোশনাই। আমি টের পাই।জিজ্ঞেস করি, ‘কাঠমান্ডুতে কবে আসতে পারবেন?’‘মনে হচ্ছে ২৯-৩০ তারিখের আগে নয়।’‘আচ্ছা, আসেন। আমি আছি। একসঙ্গে ফিরব। আর শোনেন, এইমাত্র সরাবনের সঙ্গে কথা হলো। ওরা সবাই ভালো আছে। এখন বলুন, বাংলাদেশের মানুষের উদ্দেশে কী বলবেন?’‘বাংলাদেশের সামর্থ্যবান মানুষেরা যদি একটু উদার হন, একটু সহযোগিতা করেন, বাংলাদেশের তরুণেরা বহু কিছু করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। সবকিছু করার ক্ষমতা বাংলাদেশের তরুণদের আছে।’‘আচ্ছা, আপনি বিশ্রাম নিন। আরও অনেক ফোন আসবে আপনার কাছে। বেসক্যাম্পে কি ইন্টারনেট আছে?’‘না। এই একটা ফোন ছাড়া কোনো কিছু নাই।’‘ঠিক আছে। পরে আবার কথা হবে। কাঠমান্ডুতে সবাই আপনাকে বীরোচিত সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করছে। পুরো বাংলাদেশ আপনার নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছে। বাকি পথটাও সাবধানে আসবেন। দেখেশুনে আসবেন। পাহাড়ি পথ। বেস্ট অব লাক। জেনে রাখুন, আপনার নিরাপদে ফিরে আসার জন্য দেশবাসীর শুভকামনা আপনার সঙ্গে থাকবে।’এটা ২৫ মে কাঠমান্ডু থেকে তিব্বতের বেসক্যাম্পের ফোনে মুসা ইব্রাহীমের সঙ্গে প্রথম কোনো বাঙালির কথোপকথন। এবং প্রিয় পাঠক, এই ঐতিহাসিক কথোপকথনটা আপনি পড়ছেন, আপনিও কিন্তু ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে নাতি-নাতনিদের এই গল্প আমরা করতে পারব। হা হা হা।শেষে একটা কথা বলা দরকার। মুসার এই অভিযাত্রায় তাঁর বোন, প্রথম আলো ও বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। এ রকম সহযোগিতা তিনি পেয়েছিলেন অন্নপূর্ণা-৪-এ অভিযাত্রার সময়ও। মুসা এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।