এভারেস্টে দুই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র সাত দিনের ব্যবধান। বাংলাদেশের ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। ২০১২ সালের ১৯ মে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। এর ঠিক সাত দিন পরই ২৬ মে ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন। এই অর্জন দেশের মানুষের জন্য তো বটেই, বাংলাদেশের নারীদের জন্যও অনুপ্রেরণাদায়ক। গত বছর নারীদের সফলতার তালিকায় এই অর্জন নিজগুণেই স্থান করে নিয়েছে।আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীকে বেশির ভাগ সময় নাজুক মনে করা হয়। সেটি যে তাঁরা নন, সেটি প্রমাণ করেছেন নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। তাঁদের আগে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এম এ মুহিত এভারেস্ট জয় করেন। দুজন পুরুষের পর দুজন নারীর এভারেস্ট জয় বাংলাদেশের নারীদের জন্য বিরাট সাফল্য। এভারেস্ট জয়ের পর নেপালের কাঠমান্ডুতে নিশাত মজুমদার বলেছিলেন, অনেকেই তাঁকে নিয়ে ভীষণ সন্দিহান ছিলেন—এই মেয়েটা সত্যিই কি পারবে? এমন ভাবনা দেখে নিশাত মনে মনে ভাবতেন, তাঁকে পারতেই হবে। তা না হলে তাঁর সঙ্গে নারীদেরও যে হেরে যেতে হবে। আর ওয়াসফিয়া নাজরীন তো নিজের এই জয়কে বাংলাদেশের নারীদের উৎসর্গ করেন। তিনি মনে করেন, তাঁকে দেখে আরও ১০ জন মেয়েও যদি অনুপ্রাণিত ও উদ্যমী হন, তাহলে তাঁর এই জয় সার্থক হবে।বিপৎসংকুল বৈরী পরিবেশের মধ্যে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত। এভারেস্টের ক্যাম্প ২-তে যাওয়ার সময় কপালে ও নাকে বেশ চোট পেয়েছিলেন তিনি। তাতেও হাল ছাড়েননি। ভীষণ আত্মবিশ্বাসী নিশাত তাই এগিয়ে যেতে পেরেছেন। তাঁর মতো ওয়াসফিয়াকেও তাড়া করেছিল নানা বিপদ, প্রকৃতির বৈরিতা। এভারেস্টের ক্যাম্প ৩-এ তুষার ধসে তাঁবুসহ সব ভেঙে যায়। অক্সিজেন সিলিন্ডারের পাঁচটি বোতল নষ্ট হয়। তবু মনোবল হারাননি এই নারী। প্রতিদিনের সহিংসতা ও নির্যাতনের মধ্যে এসব সফল নারীর গল্প আমাদের অনুপ্রাণিত করে। নতুন করে উদ্যমী করে তোলে। তৌহিদা শিরোপা