এভারেস্টের বেসক্যাম্পে ওয়াসফিয়া
‘মাত্র এসেছি। এখনো কিছু খাইনি। ভীষণ ক্লান্ত।’ আজ সোমবার সকালে এভারেস্টের বেসক্যাম্পে ফিরে ফোনে এভাবেই কথা বলা শুরু করলেন এভারেস্ট-জয়ী ওয়াসফিয়া নাজরীন। আজ সকাল নয়টায় বেসক্যাম্পে এসে পৌঁছেন তিনি।এভারেস্ট জয়ের অনুভূতি জানাতে গিয়ে ওয়াসফিয়া বলেন, ‘২৬ মে ভোর ছয়টা ২৬ মিনিটে (নেপাল সময় ছয়টা ৪১ মিনিট)্ এভারেস্ট সামিট করেছি। তখন সূর্যোদয় হচ্ছে। আমি এগিয়ে চলেছি চূড়ার পথে। এই অনুভূতি অন্য রকম। আমি, নিমা গিরমিং শেরপা ও কুশাং শেরপা বসে সূর্যোদয় দেখলাম। চোখ জুড়িয়ে যাচ্ছিল এভারেস্টের চূড়ার সৌন্দর্য দেখে। ওই পবিত্র জায়গার চারপাশটা এত সুন্দর! মুগ্ধ হয়ে দেখেছি। ২০-২৫ মিনিট ছিলাম সেখানে।’ওয়াসফিয়া বলেন, ‘প্রথমে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে ছবি তুলেছি। এরপর নেপালের পতাকা ও বাংলাদেশ অন সেভেন সামিটের লোগোসহ পতাকা নিয়ে ছবি তুললাম। এভারেস্টের চূড়ায় একটি বুদ্ধমূর্তি রয়েছে। এই মূর্তির সঙ্গেও ছবি তোলা হয়েছে।’ওয়াসফিয়া নাজরীন হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে এই অভিযান পরিচালনা করেন। এই অভিযানে যাওয়ার পথে পদে পদে বিপত্তিতে পড়তে হয়েছে তাঁকে।গত ২৬ মার্চ ওয়াসফিয়া এই অভিযান শুরু করেন। তিনি বলেন, ‘আমার তো ১৮ মে সামিট করার কথা ছিল। কিন্তু ক্যাম্প-৩-এ তুষার ধসে তাঁবুসহ সব লণ্ডভণ্ড হয়ে যায়। আমার সঙ্গে থাকা দু্ই শেরপা নিমা গিরমিং, দা কুশাংয়ের কাছে কৃতজ্ঞ আমি। তাঁরা না থাকলে ভীষণ কষ্ট হতো। ২৫ মে রাত আটটায় এভারেস্ট-চূড়ার দিকে যাত্রা শুরু করি। এরপর সাউথ কোল দিয়ে নেমে ২৭ মে রোববার ক্যাম্প-২-এ আসি।’এভারেস্ট জয়ের মধ্য দিয়ে তাঁর সেভেন সামিটের তিনটি পর্বত জয় করা হলো। ২০১১ সালে স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে তিনি সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ (সেভেন সামিট) জয়ের ঘোষণা দেন।লুকলায় নিশাত ও মুহিত আজ কাঠমান্ডু ফিরতে পারছেন না নিশাত মজুমদার এবং এম এ মুহিত। এভারেস্টের বেসক্যাম্প থেকে গতকাল বিকেল পাঁচটায় লুকলায় এসে পৌঁছেন নিশাত ও মুহিত।মুহিত বলেন, ‘মেঘের কারণে লুকলায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ আছে। বিমান চলাচল স্বাভাবিক হলে আমরা রওনা দেব।’ লুকলা বিমানবন্দরের কাছে শেরপা লজ অ্যান্ড কফি শপে তাঁরা অবস্থান করছেন।নিশাত মজুমদার বলেন, ‘সুস্থ আছি আমরা। ভালো আছি। তবে মুহিত ভাইয়ের বাঁ পায়ে ফোসকা পড়েছে। গতকাল তাঁর হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল।’২৫ মে বেসক্যাম্প থেকে রওনা দেন নিশাত ও মুহিত। বেসক্যাম্প থেকে প্রথমে রওনা হয়ে পেরিচে নামক স্থানে তাঁরা বিরতি নেন। পরের দিন সকালে আবার হাঁটা শুরু। শেরপাদের রাজধানী নামে পরিচিত নামসে বাজারে ২৬ মে রাতে তাঁরা অবস্থান করেন। গতকাল লুকলাতে পৌঁছেন।