এম আর খানের সহধর্মিণী আনোয়ারা খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিশু রোগবিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের সহধর্মিণী আনোয়ারা খান আর নেই। আজ শনিবার সকাল নয়টা ১০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি স্বামী ও একমাত্র মেয়ে রেখে গেছেন। আগামী সোমবার সাতক্ষীরার রসুলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় সেন্ট্রাল হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।১৯৩৩ সালের ৯ নভেম্বর সাতক্ষীরার রসুলপুর গ্রামে আনোয়ারা খান জন্মগ্রহণ করেন। সেখান থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়ে তিনি কলকাতার বিখ্যাত সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেন। এরপর কলকাতারই রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্র নাথ কলেজ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত জীবনে আনোয়ারা খান গৃহবধূ হলেও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্টের মাধ্যমে শিশু স্বাস্থ্য ও শিক্ষায় অনুদান, হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি নানা সমাজসেবামূলক কাজ করে গেছেন তিনি। গরিব ও দুস্থ শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদের পড়াশোনার ব্যাপারে তাঁর উত্সাহ ও আগ্রহ ছিল অসামান্য। ব্যক্তিগতভাবে অনেক মেয়েই তাঁর সাহায্য-সহযোগিতা ও উত্সাহে শুধু পড়ালেখাই শেষ করেনি, জীবনেও আজ প্রতিষ্ঠিত।