এম ইউ আহমেদ পুলিশের নির্যাতনে মারা যাননি: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপিপন্থী আইনজীবী এম ইউ আহমেদ পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে মারা গেছেন বলে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। আসলে এমন অভিযোগ করা হচ্ছে লাশের রাজনীতি করার জন্য। আজ শনিবার বেলা একটার দিকে বেইলি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা বলেন। আজ মোট তিন দফায় প্রেস ব্রিফিংয়ের শেষ পর্বে মাহবুবে আলম বলেন, ‘সুরতহাল প্রতিবেদনকে প্রভাবিত করার জন্য আমি নাকি হাসপাতালে গিয়েছি, খন্দকার মাহবুব হোসেনের এমন বক্তব্য আমাকে ব্যথিত ও ক্ষুব্ধ করছে। মূলত এ ধরনের বক্তব্য বিএনপির রাজনৈতিক মিশন সম্পন্ন করার জন্য।’মাহবুবে আলম বলেন, ‘খালেদা জিয়ার বাড়ির মামলা, তারেক রহমানের মানি লন্ডারিংয়ের মামলাসহ বেশ কয়েকটি মামলায় আমি শক্তভাবে লড়েছি। আর এ কারণেই বিএনপি আমার ওপর রাগ করেছে। খন্দকার মাহবুবের এ বক্তব্য তারই ফলশ্রুতি।’ তিনি আরও বলেন, ‘এম ইউ আহমেদের ওপর যদি শারীরিক নির্যাতন হয়েই থাকে, তাহলে তারা আগে কেন আদালতে এ বিষয়ে তদন্ত করতে বলেননি। তারা এখন যে বক্তব্য দিচ্ছে, তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’মাহবুবে আলম বলেন, ‘এম ইউ আহমেদ জামিনে ছিলেন কি না, আমি জানি না। তবে পুলিশের বক্তব্য অবিশ্বাস করা যায় না।’ গতকাল শুক্রবার রাতে রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলসহ ছয়জনের বিরুদ্ধে এম ইউ আহমেদের স্ত্রী সেলিনা আহমেদের এজাহার দেওয়া প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, ‘এ বিষয়টি হাস্যকর। আমার ওপর অবৈধ চাপ দেওয়া ও হেনস্তা করার জন্য এ মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’