এম ইউ আহমেদ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম ইউ আহমেদ পুলিশ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।গতকাল সোমবার এক প্রতিবাদ সভায় ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া এ অভিযোগ করেন। তিনি ঈদের পর এই ‘হত্যার’ প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।রফিকুল ইসলাম মিয়া আইন প্রতিমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘এম ইউ আহমেদকে লাশ করেছেন আপনারা; আর বলছেন, আমরা লাশের রাজনীতি করি। মানুষের মৃত্যু নিয়ে হাসি-তামাশা করবেন না। একদিন আপনাদেরও মরতে হবে।’রফিকুল ইসলাম মিয়া বলেন, পুলিশ এম ইউ আহমেদের স্ত্রীর দেওয়া মামলা নথিভুক্ত করেনি। অথচ পরিবারের অনুমতি ছাড়া লাশের ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। আইনত পুলিশ তা পারে না।এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর এম ইউ আহমেদ প্রথম শহীদ।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই প্রতিবাদ সভা পরিচালনা করেন কামরুল ইসলাম সজল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিতাই রায় চৌধুরী, ফাহিমা নাসরিন, গোলাম কিবরিয়া, জামিল আক্তার এলাহী, রুহুল কুদ্দুস, মির্জা আল মাহমুদ প্রমুখ।হাইকোর্টে হট্টগোলের ঘটনায় পুলিশের করা মামলায় ১১ আগস্ট গ্রেপ্তার হন বিএনপি-সমর্থক আইনজীবী এম ইউ আহমেদ। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎ সাধীন অবস্থায় গত শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।আসকের শোক ও দাবি: এম ইউ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।গতকাল সোমবার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের পর পরই পরিবারের পক্ষ থেকে এম ইউ আহমেদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ করা হয়েছিল। আসক মনে করে, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদকালে গুরুতর অসুস্থ হওয়ার দায় পুলিশ এড়াতে পারে না। পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে আসক।