এম ইউ আহমেদকে হত্যার মামলা রেকর্ডের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত বিএনপিপন্থী আইনজীবী এম ইউ আহমেদকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সেলিনা আহমেদের করা মামলাটি সাত দিনের মধ্যে নথিভুক্ত (রেকর্ড) করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে মামলার আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।অন্যথায় আইনগত পদক্ষেপ গ্রহণসহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে বলে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার দুপুরে সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া লিখিত বক্তব্যে এ দাবি জানান।হাইকোর্টে বিশৃঙ্খলার ঘটনায় এ বছরের ১১ আগস্ট সেগুনবাগিচার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি চিকিত্সাধীন ছিলেন। গত ২৬ আগস্ট শুক্রবার বেলা পৌনে একটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি স্কয়ার হাসপাতালে মারা যান।আজকের সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী নিতাই রায় চৌধুরী প্রমুখ।‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে, আওয়ামী লীগ সরকারের নির্যাতনে হত্যার শিকার প্রথম শহীদ এম ইউ আহমেদের হত্যা মামলা অবিলম্বে গ্রহণের দাবিতে’—এই ব্যানারে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।