এম ইউ আহমেদের মৃত্যু হত্যাকাণ্ড: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যু একটি হত্যাকাণ্ড। পুলিশি হেফাজতে অকথ্য নিপীড়নের কারণেই এম ইউ আহমেদের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এক শোক বার্তায় খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়া ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। বিএনপির চেয়ারপারসন বলেন, এটি বর্বরোচিত, সরকারের অন্ধ হিংস্রতার আর একটি দৃষ্টান্ত। বর্তমান সরকার ক্ষমতার দম্ভে বিরোধী দল তথা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা, পাশবিক নির্যাতন, হত্যা ও গুমের মতো অমানবিক পৈশাচিকতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, এম ইউ আহমেদের মতো একজন বিজ্ঞ আইনজীবীকে পুলিশি নির্যাতনে হত্যার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। শোক বাণীতে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, এম ইউ আহমেদকে সম্পূর্ণ অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে গ্রেপ্তার করা হয়। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হলে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আজ দুপুরে হাসপাতালে মারা যান। তিনি বলেন, এ মৃত্যু একটি হত্যাকাণ্ড, পুলিশি হেফাজতে অকথ্য নিপীড়নের কারণেই এম ইউ আহমেদকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এটি বর্বরোচিত, সরকারের অন্ধ হিংস্রতার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো।এম ইউ আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার শুধু বিরোধী দলের নেতা-কর্মীদেরই নয়, সম্মানিত নাগরিকদেরও হত্যা করছে। এ বর্বরোচিত ঘটনায় জনসমাজে যে আতঙ্ক ও নৈরাজ্যের সৃষ্টি হলো তার জন্য সরকারকে একদিন বড় ধরনের খেসারত দিতে হবে। প্রসঙ্গত, আদালতে বিশৃঙ্খলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ১১ আগস্ট রাতে ভোররাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। তিনি ওই মামলায় জামিনে ছিলেন।কর্মসূচি: এম ইউ আহমেদের মৃত্যুতে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন।আজ বিকেলে স্কয়ার হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, দলের পক্ষ থেকে কাল শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় এ কর্মসূচি পালিত হবে। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া জানান, স্বরাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইজিপির পদত্যাগের দাবিতে সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। ওই দিন দেশের সব আইনজীবীদের সমিতিতে এ কর্মসূচি পালিত হবে।প্রতিবাদ সমাবেশ: মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে স্কয়ার হাসপাতালে ভিড় করেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থক আইনজীবীরা। তাঁরা তাত্ক্ষণিকভাবে স্কয়ার হাসপাতালের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে সড়কের ওপর শুয়ে পড়ে তাঁরা এ মৃত্যুর প্রতিবাদ জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সমাবেশে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর দায় সরকারকে নিতে হবে। পুলিশি নির্যাতনের পর আদালত তাঁর সুচিকিৎসার নির্দেশ দিলেও রাষ্ট্র তা মানেনি।এ সময় বিএনপির নেতা সানাউল্লাহ মিয়া, আমার দেশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।