এম এ হাশেমকে থানায় নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমকে আজ রোববার বিকেলে থানায় নিয়ে আবার ছেড়ে দিয়েছে পুলিশ। থানা থেকে বলা হয়েছে, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।এর আগে সকালে এম এ হাশেম, তাঁর স্ত্রী, ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে ২৩২ কোটি টাকা কর ফাঁকির মামলা দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর আদালত মামলাটি গ্রহণ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।শেরেবাংলা নগর থানা পুলিশ আজ সন্ধ্যায় প্রথম দফায় জানায়, বিকেলে তেজগাঁও লিংক রোড থেকে এম এ হাশেমকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার একটি পরোয়ানা বলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। তাঁকে রাতে গুলশান থানায় পাঠানো হবে বলে জানানো হয়। তবে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার হাফিজ আক্তার জানান, গুলশান থানায় এ রকম কোনো পরোয়ানা আসেনি।এর এক ঘণ্টার মধ্যে শেরেবাংলা নগর থানা পুলিশ এম এ হাশেমকে ছেড়ে দেয়। তখন থানা থেকে জানানো হয়, হাশেমকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তিনি ব্যক্তিগত কাজে থানায় এসেছিলেন।সূত্র জানায়, আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (এবিবি) সভা শেষে ফেরার পথে তেজগাঁও সংযোগ সড়কে তাঁর গাড়ি আটকায় পুলিশ। এম এ হাশেম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চেয়ারম্যান। এ সময় সামনে পেছনে পুলিশের গাড়ির পাহারা দিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়।আমাদের আদালত প্রতিবেদক জানান, এর আগে আজ সকালে এনবিআরের উপকর কমিশনার আয়েশা সিদ্দিকা এম এ হাশেম, তাঁর স্ত্রী, ছয় ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, এম এ হাসেম ও অন্য আসামিরা ২০০৫-২০০৮ করবর্ষ পর্যন্ত সম্পদের তথ্য গোপন করে ২৩২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৯০৯ টাকা কর ফাঁকি দিয়েছেন। সকালে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক আসামিদের বিরুদ্ধে করা মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ১৬ মার্চ পুলিশকে পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন।