এম এ হাশেমসহ আটজনের বিরুদ্ধে সমন জারি
কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় ড্যানিশ কনডেন্সড মিল্কের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেমসহ আটজনের বিরুদ্ধে হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ সমন জারি করেন। আদালত ২৫ মে সমন জারি-সংক্রান্ত প্রতিবেদন ও শুনানির দিন ধার্য করেছেন । কর ফাঁকির অভিযোগে এই আটজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার আশরাফুজ্জামান মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ড্যানিশ কনডেন্সড মিল্ক প্রতিষ্ঠানটি ২০০৫-০৬ সাল পর্যন্ত প্রকৃত আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ৫৩ কোটি ৬৪ লাখ ৩ হাজার ২৬৮ টাকার কর ফাঁকি দেয়। মামলার অন্য আসামিরা হলেন—হাশেমের স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক সুলতানা হাশেম, ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ ও আশফাক আজিজ এবং জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) জয়নাল আবেদীন।