এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে আদেশ ১০ মার্চ
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের করা মন্তব্যের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেছেন।এম কে আনোয়ার ২৬ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে তাঁর বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে জমা দিয়েছিলেন। পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আজ শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুহিন আফরোজ বলেন, এম কে আনোয়ার তাঁর বক্তব্যের মাধ্যমে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন। একই সঙ্গে ট্রাইব্যুনালকে জনসম্মুখে হেয় করেছেন। লিখিত ব্যাখ্যায় শাহবাগের প্রসঙ্গ আনা হয়েছে। কিন্তু শাহবাগের ঘটনা ঘটেছে বক্তব্যের অনেক পড়ে। তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে মানুষ ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল বার্তা পেতে পারেন।এম কে আনোয়ারের পক্ষে আইনজীবী তরিকুল ইসলাম যুক্তি-তর্কের জন্য সময় চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান।ট্রাইব্যুনাল আনোয়ারের আইনজীবীকে আদেশের দিনই শুনানি করতে পারবেন জানিয়ে আদেশের জন্য ১০ মার্চ তারিখ ধার্য করেন।মহানগর নাট্যমঞ্চে ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় পলাতক আবুল কালাম আযাদের রায়ের আগের দিনে এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’২৪ জানুয়ারি বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে ট্রাইব্যুনাল ৩ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে একজন আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। পরে ২৬ ফেব্রুয়ারি এম কে আনোয়ার তাঁর ব্যাখ্যা জমা দেন।