একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সম্পর্কে বিএনপির নেতা এম কে আনোয়ারের বক্তব্যকে অপ্রত্যাশিত বলেছেন ট্রাইব্যুনাল।গত সোমবার রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার ট্রাইব্যুনালের দেওয়া একটি আদেশের উল্লেখ করে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত জঙ্গলের শাসনের চেয়েও খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ জামায়াতের নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় পুলিশের কাছে দেওয়া ১৫ জনের জবানবন্দি তাঁদের অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার যে আদেশ দেওয়া হয়েছে, তার সমালোচনা করে তিনি এ কথা বলেন।আজ বুধবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম দৈনিক প্রথম আলোসহ আরও দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আনেন।মালুম বলেন, ট্রাইব্যুনাল সম্পর্কে তাঁর এই মন্তব্যে জনমনে মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং হচ্ছে। এটি বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নামান্তর। ট্রাইব্যুনালের মর্যাদা রক্ষার স্বার্থে ১১ ধারামতে ব্যবস্থা নেওয়া হোক।বিচারপতি নিজামুল হক প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন পড়েন। এরপর তিনি বলেন, যাঁরা বাইরে থেকে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, তাঁরা আন্তর্জাতিক অপরাধ আদালতের ১৯(২) ধারা পড়ে দেখেননি। আইন সম্পর্কে না জেনে কথা বলা অপ্রত্যাশিত। তিনি বলেন, ‘এম কে আনোয়ার একজন সম্মানিত, শিক্ষিত, জ্ঞানী লোক। তিনি জাতীয় সংসদ সদস্য, আগে মন্ত্রী ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, মন্ত্রিপরিষদের সচিব ছিলেন। কিন্তু উনার মাথায় সিআরপিসি (কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর বা ফৌজদারি কার্যবিধি) ঢুকে আছে।’এ সময় কাঠগড়ায় বসা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী তাচ্ছিল্যের স্বরে বলেন, ‘জাঙ্গাল ’ল, এ ধরনের কথা কেউ কি বলতে পারে? স্যার জেলে দিয়ে দেন।’বিচারপতি নিজামুল হক বলেন, আইনের সমালোচনা করার অধিকার সবার আছে। প্রশ্ন হচ্ছে, ট্রাইব্যুনাল সম্পর্কে কী ভাষা ব্যবহার করা হয়েছে, তা।সাকা বলেন, ‘স্যার, আমার সব বন্ধুর একই অভ্যাস। সুরঞ্জিত সেনগুপ্ত কী বলেছেন, তা-ও দেখেন।’বিচারপতি নিজামুল হক বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, তাঁর মাথা থেকে সিআরপিসি নামছে না। তাঁকে মনে রাখতে হবে, এ ট্রাইব্যুনালে সিআরপিসি ও সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। আমরা প্রত্যাশা করব, এম কে আনোয়ারের মতো একজন শিক্ষিত মানুষ এবং অন্য সবাই ট্রাইব্যুনালের সুষ্ঠু কার্যক্রমে সহায়তা করবেন। সবাইকে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে সতর্ক থাকতে হবে।’