এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের এই ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএসসি পড়ছি। আমি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিষয়ে মাস্টার্স করতে চাই। কারণ এ বিষয়ে আমার অনেক আগ্রহ। কিন্তু বাংলাদেশে এর চাহিদা কেমন বা কাজের ক্ষেত্রগুলো কী কী, এটি পেশা হিসেবে কেমন হবে? আমাদের দেশে কোথায় কোথায় এ বিষয়ের ওপর লেখাপড়া হয়?আজম চৌধুরী, খুলনাপরামর্শ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম/সার্ভিসেস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে এমবিএ করার সময় বিষয়টি মেজর সাবজেক্ট হিসেবে অনেকেই পছন্দ করেন। যাঁরা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেন, তাঁরা পেশাগত উন্নয়নের জন্য উচ্চতর ডিগ্রি হিসেবে এ বিষয় নির্বাচন করেন। শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও বিষয়টির বেশ চাহিদা আছে। আমাদের দেশে বেসরকারি তথা করপোরেট খাত এখন অনেক উন্নত হয়েছে। সে জন্য এমআইএস এখন প্রতিটি প্রতিষ্ঠানেই বেশ গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে বিবেচিত। যাঁরা আইটিতে পড়াশোনা করেছেন, তাঁরা এই বিভাগে বেশ ভালো করেন। কারণ, তথ্যপ্রযুক্তি বিষয়ে তাঁদের মূল ও প্রযুক্তিগত ধারণা থাকে। এর মানে এই নয় যে যাঁরা তথ্যপ্রযুক্তিতে পড়াশোনা করেননি, তাঁরা এমন পেশায় আসতে পারবেন না বা ভালো করবেন না। তথ্য ও এর যথাযথ ব্যবহার এবং ব্যবস্থাপনা নিশ্চিত করাই হচ্ছে এ বিভাগে কর্মরত নির্বাহীদের কাজ। প্রতিষ্ঠান কার্যকরভাবে পরিচালনা করার জন্য দক্ষ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকা অত্যাবশ্যক। এখন আমাদের দেশে প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর কোর্সে এই বিষয়ে পড়াশোনার অফার করে। অনেক সরকারি বিশ্ববিদ্যালয়েও এখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)নিয়ে এমবিএ চালু করেছে। বিশ্বব্যাপী এ বিষয়টির চাহিদা থাকায় এখন অনেকেই এ বিষয়ের প্রতি ঝুঁকছেন। সব ধরনের প্রতিষ্ঠানে এ বিভাগের চাহিদা থাকায় পেশা হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ।প্রকৌশলী মর্তুজা আশীষ আহমেদম্যানেজার, আইটি ও এমআইএসডিভাইন গ্রুপ অব কোম্পানিজ লি.