এমআই৫-এর বেলফাস্ট দপ্তরের কাছে গাড়িবোমা হামলা
উত্তর আয়ারল্যান্ডে ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআই৫-এর সদর দপ্তরের কাছে গতকাল দিবাগত রাতে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। স্থানীয় সময় রাত ১২টা ২৪ মিনিটে সংঘটিত বিস্ফোরণের জন্য পুলিশ আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।বিভিন্ন সংবাদ সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা ডট নেট জানায়, প্রায় ৪০ বছর পরে প্রদেশটিতে ক্ষমতা ভাগাভাগি করে গঠিত প্রশাসন পুলিশ বাহিনী ও বিচারব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ গ্রহণের কয়েক মিনিট পরেই বেলফাস্টে বিস্ফোরণটি ঘটে। এর কয়েক ঘণ্টা পরেই উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলি তার প্রথম বিচারমন্ত্রী নিয়োগ করার কথা।পুলিশ জানায়, আইআরএ বিচ্ছিন্নতাবাদীরা বন্দুকের মুখে বেলফাস্টের এক ট্যাক্সি ড্রাইভারকে তাঁর বাড়িতে আটকে রেখে তাঁর গাড়িতে করে বোমাটি প্যালেস ব্যারাকসের পেছনে নিয়ে যায়। বেলফাস্টের শহরতলিতে অবস্থিত প্যালেস ব্যারাকস নামের ওই ভবনটি একসময় ব্রিটিশ আর্মির একটি ঘাঁটি হিসেবে ব্যবহূত হতো। এখন এটি ব্রিটেনের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা এমআই৫-এর উত্তর আয়ারল্যান্ড শাখার সদর দপ্তর। এখানে এমআই৫-এর কয়েক শ কর্মচারী-কর্মকর্তা কাজ করেন।পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এ হামলায় কেউ মারাত্মকভাবে আহত হননি এবং কেউ হামলা চালানোর দায়-দায়িত্ব স্বীকার করেনি।