এমআরএর আওতায় নিবন্ধনের প্রয়োজন নেই গ্রামীণ ব্যাংকের
গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালের এক সরকারি অধ্যাদেশের মাধ্যমে একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ওই অধ্যাদেশ অনুযায়ী গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আওতায় কার্যক্রম পরিচালনা করছে। তাই ক্ষুদ্রঋণ পরিচালনাসংক্রান্ত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আইনে গ্রামীণ ব্যাংকের নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই। গতকাল গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমের সই করা এক চিঠিতে এ মন্তব্য করা হয়েছে। গ্রামীণ ব্যাংক কেন এমআরএর আওতায় নিবন্ধিত নয়—অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা জানতে চাওয়ার দুই দিন পর গ্রামীণ ব্যাংক গতকাল এ মন্তব্য করেছে। গ্রামীণ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ‘গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার বৈধতা নিয়ে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি প্রশ্ন তোলার বিষয়টি সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে আমাদের নজরে এসেছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইনে নিবন্ধিত না হয়েও গ্রামীণ ব্যাংক কীভাবে এ কার্যক্রম চালাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।’গ্রামীণ ব্যাংক বলেছে, জুলাই ১৬, ২০০৬ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন-২০০৬ (২০০৬ সালের ৩২ নং আইন) কার্যকর হয়েছে। এ আইনের প্রথম অধ্যায়-প্রারম্ভিক এর ২ (২১) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেসব প্রতিষ্ঠান নিন্মোক্ত আইনে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে নিবন্ধিত হতে হবে—দি সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০; দি ট্রাস্ট অ্যাক্ট, ১৮৮২; দি ভলানটারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিজ অর্ডিন্যান্স, ১৯৬১; সমবায় সমিতি আইন, ২০০১ এবং কোম্পানি আইন, ১৯৯৪। ‘যে সমস্ত আইনের মাধ্যমে সৃষ্ট প্রতিষ্ঠান এমআরএর কাছে নিবন্ধিত হওয়ার কথা, গ্রামীণ ব্যাংক এসব আইনের কোনোটার মধ্যে পড়ে না। তাই এমআরএর অধীনে গ্রামীণ ব্যাংকের নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই,’ বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের গতকালের চিঠিতে।