এমএলএম ও ডেসটিনি
বিতর্কিত বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতির ব্যবসায়ের কোনো আইন নেই দেশে। কিন্তু ব্যবসা আছে। এই পদ্ধতির ব্যবসা করে মাত্র ১২ বছরের ব্যবধানে একটি কোম্পানি থেকে ৩৭টি কোম্পানির মালিক হন কতিপয় ব্যক্তি। ২০০০ সালে ‘ডেসটিনি ২০০০ লিমিটেড’ নাম নিয়ে যাত্রা শুরু করে সদ্য আলোচিত, সমালোচিত, প্রতারণাকারী, অর্থ পাচারকারী ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ‘ডেসটিনি গ্রুপ’, যার মূল ব্যক্তি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান মো. রফিকুল আমীন।ডেসটিনি গ্রুপের বহুমাত্রিক অপকীর্তি নিয়ে কয়েক মাস অনুসন্ধানের পর গত মার্চের শেষ দিক থেকে প্রতিবেদন প্রকাশ করতে থাকে প্রথম আলো। প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম করা হয় পর পর চার দিন। ৩০ মার্চ: ‘ডেসটিনি অবৈধ ব্যাংকিং করছে’, ৩১ মার্চ: ‘দেশজুড়ে প্রতারণার ফাঁদ ডেসটিনির’, ১ এপ্রিল: ‘বৃক্ষ রোপণের নামেও অর্থ সংগ্রহ করছে ডেসটিনি’, ৩ এপ্রিল: ‘ডেসটিনির কর্মকাণ্ড জেনেও চুপ ছিল সরকার’ ইত্যাদি ছিল ওই সময়ের সর্বপঠিত প্রতিবেদন।এর পরই সরকারের দিক থেকে নড়চড় শুরু হয়। গত ১ এপ্রিল অননুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বিষয়ে কথা বলা শুরু করেন। সরব হয় বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও। প্রতিবেদন প্রকাশের আগেই গত ১৩ ফেব্রুয়ারি যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধককে (রেজসকো) প্রধান করে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠিত হয়েছিল। নিষ্ক্রিয় এই কমিটিও তখন জেগে ওঠে।এরপর নিবিড় তদন্তে নামে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ ও পিলে চমকানো সব তথ্য। ডেসটিনির কর্তাব্যক্তিরা নানা ছলে মানুষের কাছ থেকে তুলে নিয়েছেন প্রায় পাঁচ হাজার কোটি টাকা, যে টাকা আবার কোম্পানির তহবিলে নেই, ব্যাংকেও নেই। রেজসকোর তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডেসটিনির তিন হাজার ৮০০ কোটি টাকারই কোনো হদিস নেই।এবার তদন্তে নামে ফিন্যানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট (এফআইইউ)। প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করেছেন ডেসটিনির পরিচালকেরা। কোম্পানির অর্থ সরিয়েছেন তাঁদের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানে। কমিশনের আবরণে অভিনব পন্থায় অর্থ আত্মসাৎও করেছেন তাঁরা।গত ৩১ জুলাই ডেসটিনির ২২ কর্তাব্যক্তির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের দায়ে কলাবাগান থানায় দুটি পৃথক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু জামিন অযোগ্য মামলা হওয়া সত্ত্বেও নিম্ন আদালত অভিযুক্ত ব্যক্তিদের জামিন দিয়ে দেন, যা নিয়ে খোদ সরকারের মধ্যেই সমালোচনা হয়।হাইকোর্ট জামিনের আদেশ বাতিল করলে গত অক্টোবরের মাঝামাঝি আত্মসমর্পণ করেন গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশীদ, এমডি রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। পরে ধরা হয় পরিচালক কর্নেল (অব.) দিদারুল আলমকে। হারুন-অর-রশীদকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হলেও বাকি তিনজন এখন কারাগারেই। তবে ধরা পড়েননি মামলার অপর ১৮ আসামি।এরই মধ্যে অক্টোবরে বিদ্যমান কোম্পানি আইন সংশোধন করে ডেসটিনিতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু উদ্যোগটি নিয়ে প্রবল আপত্তি তোলে ব্যবসায়ী মহল। কারণ, এতে এমন কিছু ধারা ছিল, যাতে সরকার চাইলে যেকোনো কোম্পানিতেই প্রশাসক বসিয়ে দিতে পারত। উদ্যোগটি এখন স্তিমিত।বহুবার প্রতিশ্রুতি দিয়েও অর্থমন্ত্রী ডেসটিনি নিয়ে কোনো কমিশন করেননি। ডেসটিনির কর্তাব্যক্তিরাও তৎপর ছিলেন কোনোভাবেই কমিশন গঠিত হতে না দেওয়ার জন্য। অর্থমন্ত্রী কমিশন গঠন করতে ব্যর্থ হলেও ডেসটিনির লোকেরা তা গঠিত হতে না দিয়ে সফল। ফখরুল ইসলাম