এমএলএমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সুপারিশ
অর্থ, বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে মাল্টি লেবেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আলী আশরাফ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এমএলএম কোম্পানিগুলো মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বহু অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা আইন ভেঙে, সরকারি নিয়মনীতি না মেনে ব্যাংকিং করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এ জন্য অর্থ, বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিজেদের মধ্যে সমন্বয় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, এমএলএমের নামে কিছু প্রতিষ্ঠান সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠান অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে। কমিটি এমএলএম প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।এদিকে সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়। কমিটি বিএসটিআই, বিসিআইসি ও বিটাকসহ শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করে।আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, শামসুর রহমান শরীফ, একাব্বর হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী অংশ নেন।