ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স
এমএলএসএস অ্যাম্বুলেন্স চালান, দুর্ঘটনায় এখন পুরোপুরি বিকল
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি জোড়াতালি দিয়ে কোনোমতে চলছিল। ১৬ ডিসেম্বর একজন এমএলএসএস অ্যাম্বুলেন্সটি চালিয়ে দিনাজপুর সদর হাসপাতালে রোগী নেওয়ার সময় দুর্ঘটনায় সেটি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাম্বুলেন্সের চালক মো. মতিয়ার রহমান প্রায় ৬ মাস আগে দিনাজপুর সদর হাসপাতাল থেকে প্রেষণে গেছেন। এরপর থেকে মো. মোজাম্মেল হক (এমএলএসএস) এটি চালান। মোজাম্মেল হক বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে অ্যাম্বুলেন্স চালাই।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আইয়ুব আলী এমএলএসএসকে দিয়ে অ্যাম্বুলেন্স চালানোর সত্যতা স্বীকার করে বলেন, তাঁর ড্রাইভিং লাইসেন্স আছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেই তাঁকে তা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কর্মকর্তা আইয়ুব আলী আরও জানান, অ্যাম্বুলেন্সটি আগে থেকেই নষ্ট ছিল, এখন এটি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। এটি পরিত্যক্ত করা ছাড়া উপায় নেই। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. শাহের হোসেন বলেন, জরুরিভিত্তিতে এখানে অ্যাম্বুলেন্স প্রয়োজন। রোগীর প্রচণ্ড চাপ। প্রতিদিন বহির্বিভাগে ২৫০ থেকে ৩০০ রোগীকে চিকিত্সা দিতে হচ্ছে। এর মধ্যে কিছু রোগীকে উন্নত চিকিত্সার জন্য দ্রুত দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। অ্যাম্বুলেন্স না থাকায় রোগী দিনাজপুর বা রংপুর নিতে হলে মাইক্রো বা কার খুঁজে বেড়াতে হয়। এতে রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছেন।