এমওপি ও ডিএপি সারের দাম আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিউরিয়েট অব পটাস (এমওপি) সারের দাম প্রতি কেজি ২৫ থেকে কমিয়ে ১৫ টাকা এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম ৩০ থেকে কমিয়ে ২৭ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এই দাম কমানোর ফলে সরকারকে কৃষি খাতে আরও ৬২০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বৈঠকে সারের দাম কমানোর এ সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত কাল রোববারের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে। এর ফলে সোমবার থেকে পুনর্নির্ধারিত নতুন দামে কৃষক পর্যায়ে এই সার বিক্রি শুরুর নির্দেশ দেওয়া যাবে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিলার পর্যায়ে এমওপি সার প্রতি কেজির দাম ২৩ থেকে কমিয়ে ১৩ টাকা এবং ডিএপি সারের দাম ২৮ থেকে কমিয়ে ২৫ টাকা করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী আগামী মৌসুমে চার লাখ টন এমওপি ও সাড়ে তিন লাখ টন ডিএপি সার প্রয়োজন হবে। এতে আরও ৬২০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ফলে এ বছর কৃষি খাতে ভর্তুকি দিতে হবে দুই হাজার ৩০০ কোটি টাকা।কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আসন্ন রবি ও বোরো মৌসুমে কৃষকেরা যাতে আরও কম দামে এই দুটি সার কিনতে পারেন, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলু ও বোরো ধান চাষে এমওপি ও ডিএপি সারের প্রয়োজন বেশি থাকলেও বিগত বছরগুলোতে অতিরিক্ত দামের কারণে কৃষক এ দুটি সার কম ব্যবহার করেছে। দাম তুলনামূলক কম হওয়ায় কৃষকেরা ইউরিয়া সার বেশি ব্যবহার করতেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আগামী নভেম্বর-ডিসেম্বর থেকে দেশে আলুর মৌসুম শুরু হবে। ফসলের মধ্যে আলুতে সবচেয়ে বেশি এমওপি সার ব্যবহার করা হয়। প্রতি হেক্টর আলুর জমিতে ৩০০ কেজি এমওপি সার ব্যবহার হয়। বোরো ধানে প্রতি হেক্টরে ব্যবহূত হয় ৭৫ থেকে ৮০ কেজি এমওপি। চলতি বছর চার লাখ ৮০ হাজার হেক্টর জমিতে আলু এবং ৪৮ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরকারি প্রতিষ্ঠান মৃত্তিকা সম্পদ উন্নয়ন সংস্থার মতে, জমিতে বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য ভেঙে পড়ছে। এমওপি ও ডিএপি সার মাটির জন্য উপকারী হলেও কৃষকেরা এই সার কম ব্যবহার করেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের পরিচালক হাবিবুর রহমান বলেন, এমওপি সার মাটির জন্য খুব উপকারী। এই সারের দাম কমানোর ফলে কৃষক তা বেশি মাত্রায় ব্যবহার করবে। এতে জমির স্বাস্থ্যও ভালো হবে।আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের জানুয়ারি মাসের শুরুতে প্রতি কেজি টিএসপি ৭৮ টাকা, এমওপি ৭২ ও ডিএপি ৮০ টাকায় বিক্রি হয়। ওই বছরের ৬ জানুয়ারি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১৪ জানুয়ারি সারের দাম কমিয়ে প্রতি কেজি টিএসপি ৪০ টাকা, এমওপি ৩৫ ও ডিএপি ৪৫ টাকা পুনর্নির্ধারণ করে।