এমডি নিয়োগে আগ্রহপত্র আহ্বান করা হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে বিদেশিরাও আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘ব্যাংকটির এমডি হওয়ার জন্য দেশে-বিদেশে উপযুক্ত লোক রয়েছেন। এ ব্যাংকের জন্য উপযুক্ত এমডিই নিয়োগ করা হবে। সে জন্যই আন্তর্জাতিক আগ্রহপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ তবে কবে আহ্বান করা হবে, সে ব্যাপারে কিছু বলেননি অর্থমন্ত্রী। সচিবালয়ের নিজ কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে গত সোমবার অনুষ্ঠিত বৈঠকে বলেছি যে গ্রামীণ ব্যাংক সরকার দখল করেছে বলে ড. ইউনূস যা বলে বেড়াচ্ছেন, তা পুরোপুরিই ভুয়া।’ তিনি বলেন, তবে এটা ঠিক যে গত দেড় বছরে ব্যাংকটির এমডি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।ঋণগ্রহীতারা ড. ইউনূসের নাম প্রস্তাব করায় নির্বাচন-প্রক্রিয়ায় কেবল এই নামই চলে আসে—এ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘কিন্তু ইউনূস তো আর এমডি হতে পারবেন না। পরিচালনা পর্ষদ ব্যাংকটির এমডি মনোনয়ন দেবে। এটি গ্রামীণ ব্যাংকেরই বিধান। তবে এ ক্ষেত্রে চেয়ারম্যানের সুপারিশ লাগবে।’ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের এমডি নির্বাচন করবেন এবং এই এমডি হবেন একজন গ্রহণযোগ্য ব্যক্তি। মার্কিন রাষ্ট্রদূত সোমবার এই দুই বিষয়ে কথা বলেছেন উল্লেখ করে মুহিত বলেন, তিনি এ বিষয়ে দ্বিমত পোষণ করেননি। ঋণগ্রহীতাদের উদ্দেশে মুহিত বলেন, ‘তাঁরা মনে করেন যে ড. ইউনূস থাকলেই সব ঠিক। বুঝতে হবে যে অতটা সচেতনতা বা সক্ষমতা কিন্তু এখনো ঋণগ্রহীতাদের হয়নি। তবে নতুন ঋণগ্রহীতাদের মধ্যে এ প্রবণতা তেমন নেই।’বিশ্বব্যাংক ভুল করেছে: পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নিয়ে বিশ্বব্যাংক একটি বড় ভুল করেছে বলে মনে করেন মুহিত। তিনি বলেন, ‘আমি চাই এবং আমার সরকারও চায় পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করুক।’বিশ্বব্যাংক যে অভিযোগ তুলেছে তাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই ভাবমূর্তি পুনরুদ্ধার করা দরকার। বিশ্বব্যাংক অর্থায়ন করলেই তা পুনরুদ্ধার করা সহজ হবে। বিশ্বব্যাংককে চিঠি লেখা হয়েছে কি না জানতে চাইলে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘চিঠি লিখতে তো মাত্র ১০ মিনিট লাগে। যেকোনো সময় তা দেওয়া যেতে পারে।’ পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিষয়টি অনেক দূর এগিয়েছে বলেও মনে করেন তিনি।অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিশ্বব্যাংকেরই দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এম এন প্রসাদ। আজ থেকে (মঙ্গলবার) বাংলাদেশের বিকল্প পরিচালক ড. মোহাম্মদ তারেক এ আলোচনায় যোগ দিচ্ছেন। এডিবি ও জাইকা বিষয়টি নিয়ে এরই মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, সংস্থাটিকে চিঠি দেওয়া হবে তখনই, যখন অর্থায়নের আলোচনাটি একটি ইতিবাচক পর্যায়ের দিকে যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্ভব। তবে এ জন্য অনেক ত্যাগ ও কৃচ্ছ্র স্বীকার করতে হবে। মন্ত্রণালয়গুলোর টাকা খরচের এখন যে রমরমা ভাবটা আছে, সেটা আর থাকবে না। এমনকি মোট দেশজ উৎপাদনেও (জিডিপি) এর প্রভাব পড়বে।’মুহিত বলেন, ‘সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে আবারও আলোচনা হয়েছে। বলা যায়, আমরা নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের বিষয়েও প্রস্তুত আছি।’ তবে বিশ্বব্যাংক অর্থায়ন করলে স্বল্প সুদে ও কম খরচে সেতুটি নির্মাণ করা যেত বলে মনে করেন মুহিত।