গ্রামীণ ব্যাংকের সংশোধিত অধ্যাদেশ জারি
এমডি নিয়োগে কমেছে পর্ষদের ক্ষমতা বেড়েছে চেয়ারম্যানের
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের (বোর্ড) ক্ষমতা কমিয়ে সরকারনিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১২’ জারি করেছে সরকার।এর ফলে এই ব্যাংকের এমডি নিয়োগের জন্য ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সঙ্গে পরামর্শ করে একটি বাছাই কমিটি গঠন করবেন। এই কমিটি এমডি পদের জন্য তিনজনের একটি প্যানেল ঠিক করে সুপারিশ করবে, যেখান থেকে একজনকে এমডি নিয়োগ করা হবে।সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই অধ্যাদেশ জারি করেন। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গত বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশের গেজেট প্রকাশিত হয়, যা গতকাল বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের কাছে জানান।আইনমন্ত্রী বলেন, সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। আগামী সংসদ অধিবেশনে এটি আইন আকারে পাস করা হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কারও ক্ষমতা খর্ব বা বৃদ্ধি করার জন্য এটা করা হয়নি। গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ-প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতেই অধ্যাদেশ সংশোধন করা হয়েছে।এর আগে ২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশের চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়।গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুসারে এমডি নিয়োগের এখতিয়ার পরিচালনা পরিষদের (বোর্ড) কাছে ছিল। ক্ষুদ্রঋণ গ্রহীতা নারীদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এমডি নিয়োগের জন্য পরিচালনা পর্ষদ একটি বাছাই কমিটি করে দেওয়ার কথা। ওই কমিটি একটি তালিকা পরিচালনা পর্ষদকে দেবে। পরে পর্ষদ একজনকে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংককে জানানোর কথা।কিন্তু নতুন সংশোধনী অনুযায়ী, পর্ষদের এই ক্ষমতা আর থাকল না। সরকারনিযুক্ত চেয়ারম্যান এ বিষয়ে অধিক ক্ষমতা পেয়েছেন। অধ্যাদেশের সংশোধনীতে মূল অধ্যাদেশের (গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩) ১৪ ধারার দুটি উপধারা সংশোধন করা হয়েছে। এর প্রথমটিতে বলা হয়েছে, চেয়ারম্যান বোর্ডের সঙ্গে পরামর্শ করে এমডি নিয়োগের উদ্দেশ্যে প্রার্থী বাছাইয়ের জন্য একটি বাছাই কমিটি গঠন করবেন। এই কমিটির সদস্য তিনজনের কমও হবে না, আবার পাঁচজনের বেশিও হবে না।সংশোধনীর দ্বিতীয় উপধারায় বলা হয়, এই বাছাই কমিটি এমডি নিয়োগের জন্য প্রার্থী বাছাই করে তিনজনের একটি প্যানেল সুপারিশ করবেন এবং বাছাই করা ব্যক্তিদের গ্রামীণ অর্থনীতি ও অর্থায়ন অথবা ক্ষুদ্রঋণের বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গড়া গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ-প্রক্রিয়া এক বছর ধরে চূড়ান্ত করা যাচ্ছিল না। এমডি নিয়োগে বাছাই কমিটিই গঠন করতে পারেনি পরিচালনা পর্ষদ। পর্ষদের অধিকাংশ সদস্যের প্রস্তাবিত বাছাই কমিটি মানেননি পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। এ জন্য এক বছর ধরে ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে গ্রামীণ ব্যাংক। এখন সরকার চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে অধ্যাদেশ সংশোধন করল।নতুন এই সংশোধনীর ফলে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকেও দলীয় ভিত্তিতে এমডি নিয়োগের আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কাছে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংশোধনীর ফলে এমডি নিয়োগের দায়িত্ব থাকছে মূলত চেয়ারম্যানের হাতেই। আর চেয়ারম্যান তো সরকারনিযুক্ত। সম্প্রতি দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত কিছু ব্যাংকে দলীয় ভিত্তিতে এমডি নিয়োগ করা হয়েছে। এতে ব্যবস্থাপনায় অবনতিও হয়েছে। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রেও এ ধরনের শঙ্কা থাকছে। তবে বাস্তবে কী হয়, সেটা এখনই বলা যাবে না। যদি গ্রামীণ ব্যাংকের আদর্শে বিশ্বাসী সৎ ও দক্ষ কাউকে নিয়োগ দেওয়া হয়, তাহলে সমস্যা হবে না। কারণ, ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। সেই আদর্শে চললে কোনো সমস্যা হবে না। কিন্তু দলীয় ভিত্তিতে এমডি নিয়োগ দেওয়া হলেই উদ্বেগের বিষয়।এর আগে ২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পাশাপাশি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি পদে নির্ধারিত বয়সের অতিরিক্ত সময় থেকে কী পরিমাণ অর্থ নিয়েছেন এবং এটা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়া বৈঠকে এমডি থাকাকালে ড. ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন, সে বিষয়েও একটি প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়।