এমডিআর যক্ষ্মা দেশের জন্য ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টায় দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি আশাব্যঞ্জকভাবে বাস্তবায়িত হচ্ছে। তবে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা (এমডিআর—মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি) দেশের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘যক্ষ্মা প্রতিরোধ: সরকারি ও বেসরকারি উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডির সহায়তায় প্রথম আলো এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু সফলতা আছে। কিন্তু আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘যক্ষ্মায় আক্রান্ত একটি শিশুও যেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’ সংশ্লিষ্ট খাতে দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থ যেন কার্যকরভাবে ব্যবহূত হয়, সে ব্যাপারে সরকার সজাগ বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।আলোচনার শুরুতে এসএমসির রোগ প্রতিরোধ বিভাগের প্রধান এ জেড এম জাহিদুর রহমান বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে (এমডিজি) যক্ষ্মার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, বাংলাদেশ তা অর্জন করার পথে। যক্ষ্মারোগী শনাক্ত করা ও নিরাময়ের ক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তিনিসহ একাধিক আলোচক বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে।যক্ষ্মার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে রোগীর চিকিৎসা বা ডটস পদ্ধতি বাংলাদেশে চালু হয় ১৯৯৩ সালে। বর্তমানে দেশে ৮৫০টি ডটস কেন্দ্র আছে। রোগনির্ণয় কেন্দ্র আছে এক হাজার ১৫টি। দেশে রোগী শনাক্তকরণের হার ৭৩ এবং রোগ নিরাময়ের হার ৯২ শতাংশ। নজরুল ইসলাম বলেন, পৃথিবীর যে ২২টি দেশে যক্ষ্মার প্রাদুর্ভাব বেশি, সেখানে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আর এমডিআর যক্ষ্মার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পঞ্চম।জাতীয় কর্মসূচির লাইন ডিরেক্টর প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, যেখানে অপুষ্টি, দারিদ্র্য ও ঘনবসতি বেশি, সেখানে যক্ষ্মা বেশি। অদক্ষ শ্রমজীবী মানুষের মধ্যে এবং দুর্গম এলাকা বা যে এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছায় না, সেখানে যক্ষ্মার প্রাদুর্ভাব বেশি।নাগরিক প্রতিষ্ঠান নাটাবের (জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি) সহসভাপতি মোজাফফর হোসেনের মতে, যক্ষ্মা মোকাবিলার জন্য রাজনৈতিক অঙ্গীকার দরকার।প্রায় দুই ঘণ্টাব্যাপী এই গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিবি অ্যান্ড লাং ডিজিজেসের পরামর্শক আকরামুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে যক্ষ্মা পরীক্ষার সুযোগ বাড়ানো দরকার। এ ছাড়া যেসব চিকিৎসক ব্যক্তিগতভাবে রোগী দেখেন, তাঁদের সঙ্গে জাতীয় কর্মসূচির সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।এসএমসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আলী রেজা খান বলেন, দেশে প্রতিবছর তিন লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয় আর মারা যায় ৬৫ হাজার। তিনি বলেন, যক্ষ্মা প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়ানো দরকার।সূর্যের হাসি কর্মসূচির কর্মকর্তা শামানাজ গুরুত্বারোপ করেছেন সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জোরদার করার ওপর।বেসরকারি সংস্থা ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন বলেন, যক্ষ্মার বর্তমান অবস্থা জানা এবং প্রতিরোধের কর্মসূচি সফল করতে একটি জরিপ খুব প্রয়োজন।ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক জালাল উদ্দিন আহমেদ বলেন, এনজিওগুলো যক্ষ্মার রোগীদের শনাক্ত ও তাদের সেবা দিচ্ছে। পাশাপাশি তারা নীতি তৈরি, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও জনসচেতনতা বাড়াতে কাজ করছে।নাটাবের কর্মসূচি সমন্বয়ক শেগুফতা সুলতানা বলেন, যক্ষ্মার রোগী নতুন স্থানে গেলে তার সেবা প্রাপ্তি নিশ্চিত করার ব্যাপারে জাতীয় কর্মসূচি থেকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার।নিপসমের সহকারী অধ্যাপক ইকবাল কবির ডটসের ঝরে পড়ার হার কমাতে সুনির্দিষ্টভাবে কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।