এমডিজি অর্জনে সাফল্যে হাসিনাকে অভিনন্দন ওবামার
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্য ও এমডিজি পুরস্কার পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী বিশ্বনেতাদের সম্মানে গত বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ওবামার সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর। এ সময় ওবামা প্রধানমন্ত্রীকে বলেন, ‘এমডিজি অর্জনে সাফল্যে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’বাংলাদেশ সফরে আমন্ত্রণ: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন সাংবাদিকদের জানান, ওবামার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ওবামার আসন্ন ভারত, জাপান ও ইন্দোনেশিয়া সফরের সময় বাংলাদেশ ভ্রমণের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় ওবামা তাঁর সময়ের সীমাবদ্ধতার কথা জানান। তবে ওবামাকে যাত্রাপথে ঢাকায় অন্তত চা-পানের যাত্রাবিরতির আমন্ত্রণ জানালে ওবামা অপারগতা জানিয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সময়ের এ সাক্ষাতে ওবামা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করেন।বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক: এদিকে গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে আসা নেদারল্যান্ড, ডেনমার্ক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, ‘বাংলাদেশ সঠিক পথে রয়েছে।’ বাংলাদেশের বাণিজ্য ও আর্থিক খাতের দ্রুত অগ্রগতির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা উন্নয়ন অংশীদারের বদলে ব্যবসায়িক অংশীদার হতে চাই।’নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী জান পিটার বালকেনেনডের সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা বৈশ্বিক উষ্ণতার প্রভাবে হিমালয়ের হিমবাহ গলে যে অতিবন্যার আশঙ্কা সৃষ্টি হচ্ছে, তা ঠেকাতে বৃহৎ নদীগুলোর ক্রমাগত ড্রেজিংয়ের জন্য দেশটির সাহায্য কামনা করেন।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজাকের সঙ্গে বৈঠকে সে দেশে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া সরকারের সর্বশেষ সিদ্ধান্তের জন্য শেখ হাসিনা সে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নাইয়ান উইনের সঙ্গে এক পৃথক বৈঠকে উভয় দেশের মধ্যে বিরাজমান সমস্যা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেন, সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের আলোকে মিয়ানমারের উচিত বাংলাদেশে রয়ে যাওয়া অবশিষ্ট রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়া। তিনি বলেন, গত দেড় বছরেরও বেশি সময়ে ঢাকা-ইয়াঙ্গুন সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন মাত্রা’ যোগ হয়েছে। ত্রিদেশীয় বাংলাদেশ-মিয়ানমার-চীনের মধ্যে আগামী দিনগুলোতে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠাসহ সংযোগ আরও বাড়বে।এ ছাড়া মুসলিম দেশগুলোর সর্বোচ্চ সংস্থা ওআইসির উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। ওআইসির পক্ষ থেকে বাংলাদেশে মাতৃসেবা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।প্রধানমন্ত্রীর ভাষণ আজ: আজ শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বিকেলের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় তাঁর বক্তব্য দেবেন। তাঁর বক্তৃতার সময় জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো ব্যাপকভাবে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে। একই সময় বিএনপি, জামায়াত ও সমমনাদের পক্ষ থেকেও বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।