এমডিজি নিয়ে বাংলাদেশের প্রতিবেদনে সীমাবদ্ধতা ছিল: রাশেদা কে চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) নিয়ে জাতিসংঘে উপস্থাপিত বাংলাদেশের প্রতিবেদনে ‘প্রক্রিয়াগত সীমাবদ্ধতা’ ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী আজ বৃহস্পতিবার রাজধানীর উন্নয়ন সমন্বয়ের কনফারেন্স রুমে আয়োজিত ‘সোশ্যাল ওয়াচ বার্ষিক প্রতিবেদন-২০১০’-এর মোড়ক উন্মোচন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন। প্রতিবেদনের মোড়ক উন্মোচন করে রাশেদা কে চৌধুরী আরও বলেন, প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এমডিজির লক্ষ্যগুলো এখনো রাজনৈতিক লক্ষ্য হিসেবেই দেখা হচ্ছে। তিনটি সূচকের (পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার, প্রজনন বা মাতৃ-শিশুস্বাস্থ্য ও শিক্ষা) গড় করে দেখা গেছে ২০০০ সালে বাংলাদেশ যে অবস্থানে ছিল, ২০১০ সালেও একই অবস্থানে রয়েছে। কোনো উন্নতি হয়নি। এ ক্ষেত্রে পাকিস্তানের পর নেপাল ও ভারতের কিছুটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশের দ্রারিদ্র্য সীমার নিচে বাস করে ৪১ দশমিক ২ শতাংশ মানুষ। এদের মধ্যে ৯ দশমিক ৩ শতাংশ আবার চরম দরিদ্র। শিক্ষা বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার আগেই ৪৭ শতাংশ শিক্ষার্থী ঝরে যায়। দারিদ্র্য ও স্বাস্থ্যজনিত (অপুষ্টি ও অন্যান্য রোগ) কারণে এসব শিশু ঝরে যায় বলে জানানো হয়েছে।স্বাস্থ্য বিষয়ে বলা হয়েছে, পাঁচ বছরের নিচের মোট শিশুর প্রায় অর্ধেকই অপুষ্টিতে ভুগছে। প্রতি তিনটি শিশুর একটি কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। অন্যদিকে পাঁচ বছরের নিচের প্রায় ৪৮ দশমিক ৬ শতাংশ শিশু অপুষ্টি ও অন্যান্য জটিলতায় খর্বকায় হয়ে যাচ্ছে। তবে মাতৃমৃত্যুর হার ২০১০ সালে এসে কমেছে, লাখে ৩৩৮ জন। ২০০০ সালে এ সংখ্যা ছিল লাখে ৭২৪ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে এমডিজি লক্ষ্য অর্জনে বছরে প্রায় ১০০ থেকে ১২০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে, যা পৃথিবীর মোট জিডিপির শূন্য দশমিক পাঁচ শতাংশ। সরকারি হিসাবে বাংলাদেশের প্রয়োজন হবে বছরে ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশকে প্রতি ডলার বৈদেশিক সাহায্যের বিপরীতে দেড় ডলার ঋণ পরিশোধ করতে হয়, যা এমডিজির অর্থায়নের পথে বাধা।