এমডিজি পুরস্কার জাতির অর্জন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন। সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনতার ঢল নামে। বিমানবন্দর ত্যাগ করার সময় তাঁরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বিপুল জনসমাগমের কারণে বিকেল থেকে বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।নিউইয়র্কে প্রধানমন্ত্রী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) সম্মেলনেও যোগ দেন। শিশুমৃত্যুর হার কমিয়ে আনার সফলতাস্বরূপ বাংলাদেশ এমডিজি পুরস্কার অর্জন করে। প্রধানমন্ত্রী ওই পুরস্কার গ্রহণ করেন। তিনি গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, এমডিজি পুরস্কার জাতির অর্জন। এই পুরস্কার লক্ষ্য পূরণে সহায়তা করবে। এমডিজি অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।এর আগে বিমানবন্দরে পৌঁছালে শেখ হাসিনাকে দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা ফুলেল শুভেচ্ছা জানান। তাঁদের মধ্যে ছিলেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বিমানমন্ত্রী জি এম কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ তিন বাহিনীর প্রধানেরা ও কূটনীতিকেরা।সংবর্ধনা: প্রধানমন্ত্রীর দেশে ফেরা ও এমডিজি পুরস্কার গ্রহণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করে। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাঁড়িয়ে দলীয় নেত্রীকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। কেউ কেউ প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা-সংবলিত ফেস্টুনও বহন করেন এবং শুভেচ্ছাজ্ঞাপক নানা স্লোগান দেন। গাড়িতে থেকেই প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।বিকেল সাড়ে পাঁচটা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাধ্যযন্ত্র বাজিয়ে, গায়ে রং মেখে মিছিলসহ বিমানবন্দরের দিকে যেতে থাকেন। ট্রাক, পিকআপ এবং বাসে করেও বিমানবন্দরের আশপাশে এসে পৌঁছান অনেকে। ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস মোল্লাহ আসেন বিশাল ট্রাকমিছিল নিয়ে। ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানমও আসেন মিছিল নিয়ে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও নেতা-কর্মীরা এসে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পড়েন। মাইকে নানা স্লোগান আর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজতে থাকে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলে করে যোগ দেন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী। গাড়িবহর সেনানিবাসে প্রবেশের আগ পর্যন্ত ওই বহরেই ছিলেন তাঁরা। জাহাঙ্গীর গেট থেকে গণভবন পর্যন্ত সড়কেও ছিল নেতা-কর্মীদের ভিড়।কিছুক্ষণের জন্য থমকে ছিল ঢাকা: রাত সাড়ে আটটার ফ্লাইট ধরতে বিমানবন্দরের দিকে ছুটছিলেন ডেনমার্কের নাগরিক মারিয়া। যানজটে দীর্ঘ সময় আটকে থেকে শেষে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। ঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই। ঘামে নেয়ে একাকার হয়ে হেঁটে বিশাল ব্যাগ নিয়ে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের ফটকে পৌঁছান তিনি। সেখানেই এই প্রতিবেদককে তাঁর ভোগান্তির কথা জানান।একই অবস্থায় পড়ে খিলক্ষেত থেকে লাগেজ নিয়ে হাঁটা শুরু করেন সৌদি আরবগামী ইসমাইল ও মোহাম্মদ চৌধুরী। দুজনই গাড়ি থেকে নেমে বিশ্বরোডের মোড় থেকে হেঁটে এসেছেন। ইসমাইল জানান, বেলা সোয়া তিনটার দিকে তাঁরা সায়েদাবাদ থেকে তুরাগ পরিবহনের বাসে উঠেছেন। প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাঁরা বিশ্বরোডে পৌঁছান। এরপর আধা ঘণ্টা হেঁটে তাঁরা ভিভিআইপি টার্মিনালে ঢোকার মুখে পৌঁছান।প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের ভিড়ে আর তাঁদের বহন করে আনা গাড়িগুলোর কারণে বিকেল থেকেই বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন হাজার হাজার যাত্রী। অন্যান্য পরিবহনের সঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকা পড়ে।সন্ধ্যা ছয়টার দিকে গাড়ির সারি বিমানবন্দর থেকে মহাখালী এবং অন্যদিকে বিমানবন্দর থেকে টঙ্গী সেতু ছাড়িয়ে যায়। চেষ্টা করেও পুলিশ রাস্তা পরিষ্কার রাখতে পারছিল না। মানুষের ভিড়ে একসময় যান চলাচল পুরোপুরি থমকে যায়। তখন বিভিন্ন মিছিলের সামনে থাকা নেতারা মানুষকে রাস্তা থেকে সরে দাঁড়াতে অনুরোধ জানিয়ে মাইকিং করতে থাকেন। আধা ঘণ্টা পর আবার ধীরগতিতে শুরু হয় যান চলাচল।ঢাকা-কিশোরগঞ্জ রুটের অনন্যা পরিবহন বাসের কর্মী রফিক জানান, শুধু মহাখালী থেকে বিমানবন্দরের টার্মিনাল পর্যন্ত আসতে সময় লেগেছে আড়াই ঘণ্টারও বেশি। একই কথা বললেন তুরাগ পরিবহনের চালক মামুন।নগরের ভিআইপি সড়ক দীর্ঘ সময় আটকে থাকায় রাতে এই যানজট ছড়িয়ে পড়ে নগরের প্রধান প্রধান সড়কে। তেজগাঁও, মিরপুর রোড, ফার্মগেট, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, প্রেসক্লাব পর্যন্ত সড়কে যানবাহন ঠায় দাঁড়িয়ে ছিল দীর্ঘ সময় ধরে। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছাড়েনি।