এমতোন খারাপ রাস্তা কোনটে দেখো নাই
রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তার দুর্দশার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ছে। দীর্ঘদিনেও এ রাস্তাগুলো সংস্কার না হওয়ায় এখন এতে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত তারাগঞ্জ উপজেলায় প্রায় দেড় লাখ মানুষের বাস। যোগাযোগসহ বিভিন্ন দিক থেকে এ উপজেলা পিছিয়ে রয়েছে। রংপুর জেলাসহ বিভিন্ন স্থানে সড়কপথে যাওয়ার ব্যবস্থা থাকলেও অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো আজও এখানে গড়ে ওঠেনি। কোনো কোনো স্থানে গ্রামীণ সড়কপথ গড়ে উঠলেও প্রায় প্রতিবছর বন্যায় তা ভেঙে যায়। ফলে কৃষিপণ্যসহ মালামাল পরিবহন কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে। তারাগঞ্জ থেকে বদরগঞ্জ সড়কের দূরত্ব ১৮ কিলোমিটার। খোলাহাটি ক্যান্টনমেন্ট, দিনাজপুর মধ্যপাড়া কঠিনশিলা প্রকল্প ও বড়পুকুরিয়া কয়লাখনির সঙ্গে তারাগঞ্জের যোগাযোগ রক্ষায় এটি একমাত্র সড়ক। অথচ এটি খানাখন্দে ভরা। দীর্ঘদিনেও সংস্কার না করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।কুর্শা গ্রামের বাসিন্দা স্মরণ কুমার জানান, ১২ বছর আগে এ রাস্তাটি করা হয়েছে। এরপর গত পাঁচ বছর আগে এর কিছু সংস্কারের কাজ করা হয়েছে। এখন এটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই রাস্তার টেম্পোচালক বুড়ীরহাট গ্রামের গৌতম বলেন, ‘ভাইজান, এমতোন খারাপ রাস্তা কোনটে দেখো নাই। গাড়িকোনা চলার সময় জীবন বাইর হয়া যাবার চায়।’এদিকে নীলফামারী সদর থেকে কিশোরগঞ্জ হয়ে তারাগঞ্জ উপজেলা সদরের ওপর দিয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী আরেকটি ব্যস্ত সড়ক। এ সড়কের দৈর্ঘ্য ১১ কিলোমিটার। এ পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ট্রাক, টেম্পো, রিকশাভ্যান, বাস, নৈশকোচে চলাচল করে। দুই বছর আগে এই সড়কটির উন্নয়নকাজ করা হলেও বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার লোকজনের অভিযোগ, সড়কের কাজ নিম্নমানের হওয়ায় এই হাল। বর্তমানে সড়কের বেশির ভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। আবার কোথাও কোথাও ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তারাগঞ্জ বাজার এলাকার এক কিলোমিটার সড়কের এমন করুণ অবস্থা যে সেখানে প্রায়ই বাস-ট্রাক আটকে যায়। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলো।ওই সড়ক দিয়ে যাতায়াতকারী থানাপাড়া গ্রামের পরিমল চন্দ্র বলেন, ‘তারাগঞ্জ বাজারের গোরত রাস্তাকোনার এক হাত বাদে বাদে পিচ উঠি যেয়া বড় বড় গর্ত হইছে। বৃষ্টি হইলে গর্তগুলাত পানি জমে। তখন এদি হামরা হাইটপার পাই না।’একই গ্রামের কৃষক আকমল হোসেন বলেন, ‘শুকনা মৌসুমে তো ধুলার মধ্যে কষ্ট করি এই রাস্তাকোনা দিয়া চলাফেরা করি। কিন্তুক বর্ষার সময় এক হাঁটু পানি-কাদার জন্যে এদি হামরা হাইটপার পারি না।’ তারাগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী জিকরুল হক বলেন, ‘মেলাদিন থাকি তো শুনিছি তারাগঞ্জ বাজারের গোরত এক কিলোমিটার রাস্তা বেলে পাকা হইবে। কিন্তুক এলাও তো হয়ছে না। কাদা পানির মধ্য দিয়া তো হামরা যাওয়া-আইসা করিবার পাইছি না।’জদ্দিপাড়া গ্রামের রিকশাচালক মোকাম্মেল হক বলেন, ‘তারাগঞ্জ বাজারের এলাকার এক কিলোমিটার রাস্তাকোনায় হইল হামার যন্তনা। একিনা জাগা দিয়া রিকশা চলবার সময় পেটের নাড়িভুঁড়ি নড়ে। রিকশাকোনারও ক্ষতি হয়।ডাঙ্গাপাড়া গ্রামের লিমন মুন্সি বলেন, ‘এই রাস্তাকোনা দিয়া গাড়ি নিবার সময় গাড়ি নৌকার মতোন নড়ে। গাড়ির কনটেকটারেরা রাস্তা খারাপের কথা কয়া হামারটে টাকাও বেশি নেয়। এই রাস্তাকোনা নিয়া তো বারে বারে পেপারগুলাত লেখা হয়ছে। তাও তো কায়ো পাকা করি দেয় না।’এদিকে তারাগঞ্জ উপজেলা সদরের সড়কগুলো ভাঙাচোরা। ইট-সুড়কি ও কার্পেটিং উঠে পথচলা দায় হয়েছে। তারাগঞ্জ উপজেলা সদর থেকে কাজীরহাট সয়ার পর্যন্ত সাত কিলোমিটার, ইকরচালী বাজার থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত তিন কিলোমিটার, মাঝেরহাট থেকে ইকরচালী বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনেও এ সড়কগুলো সংস্কার না করায় পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘তারাগঞ্জ বাজার এলাকার এক কিলোমিটার রাস্তা তিন দফা মিটিং করে পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য রাস্তাগুলোও সংস্কার করা হবে।’