এমদাদ হোসেনের নৈশ বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ছাত্র সংগ্রহ, বছরের শুরুতেই তাঁদের হাতে বই তুলে দেওয়া, বিভিন্ন উত্সবে জামা-কাপড়, সেমাই-চিনি বিতরণ ও ব্যক্তিজীবনের খোঁজখবর নিয়ে নৈশ বিদ্যালয়ের প্রতি তাঁদের আগ্রহ সৃষ্টি করেন এমদাদ হোসেন। তারপর নিজের প্রতিষ্ঠিত নৈশ বিদ্যালয়ে পাঠদান করিয়ে তাঁদের সাক্ষরজ্ঞান অর্জনে ভূমিকা রেখে যাচ্ছেন তিনি। এমদাদ হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ওয়াজেদ আলীর পুত্র। গত দুই বছরে তিনি চারটি বয়স্ক শিক্ষাকেন্দ্র পরিচালনা করে আসছেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠান চারটিতে পড়ালেখা করছেন শতাধিক শিক্ষার্থী। যাঁদের অনেকেই আজ নিজের নাম লেখা শিখেছেন। এমদাদ হোসেন পেশায় একজন শিক্ষক। কাজ করেন এলাকার একটি কোচিং সেন্টারে। পাশাপাশি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াকে ব্রত হিসেবে নিয়েছেন তিনি। চালু করেছেন নৈশ বিদ্যালয়। রিকশা-ভ্যানচালক, কৃষিশ্রমিক, বৃদ্ধরাও পড়ছেন তাঁর বিদ্যালয়ে। সারা দিন কাজ শেষে তাঁরা সন্ধ্যার পর বই-খাতা হাতে নিয়ে ছুটে আসেন এমদাদ হোসেনের স্কুলে।এমদাদ হোসেন জানান, তাঁর বাবা মৃত কাজী ওয়াজেদ আলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। বাবার ইচ্ছায় পড়ালেখা শেষ করে তিনি খুলনায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। ওই চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন গ্রামের বাড়িতে। গ্রামে এসে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন। প্রায়ই গ্রামের মানুষ তাঁর কাছে নানা সমস্যা নিয়ে হাজির হতেন। অনেকে সাহায্য-সহযোগিতা আশা করতেন। তিনি দরিদ্র মানুষকে সাহায্য করতে গিয়ে ভেবেছেন, অক্ষরজ্ঞানহীন এসব দরিদ্র মানুষকে শিক্ষাসচেতন করা প্রয়োজন। তাই তিনি দুই বছর আগে বয়স্কদের জন্য নৈশ বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি নিজের গ্রাম দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বয়স্কদের নৈশ বিদ্যালয় চালু করেন। গ্রামের নিরক্ষর মানুষের লেখাপড়া শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে তাঁদের স্কুলে আনতে থাকেন। তাঁর ডাকে সাড়া দিয়ে ভর্তি হন বেশ কয়েকজন নিরক্ষর ব্যক্তি। ভ্যানচালক থেকে শুরু করে বিত্তশালী পরিবারের নিরক্ষর ব্যক্তিরা চলে আসেন এমদাদ হোসেনের বিদ্যালয়ে। অল্প দিনেই লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় ও স্বাস্থ্য সচেতনতামূলক শিক্ষা দিচ্ছেন তাঁদের। গত দেড় বছরে শিক্ষার্থীদের উত্সাহ দেখে এমদাদ পাশের খালকুলা, রঘুনাথপুর ও কাকলাশ গ্রামে আরও নতুন তিনটি নৈশ বিদ্যালয় চালু করেন। কাজী এমদাদ হোসেন বলেন, ‘চারটি নাইট স্কুলে বর্তমানে ৯৫ জন বয়স্ক শিক্ষার্থী পড়ালেখা করছেন। শিক্ষার্থীদের বই-খাতা, শ্লেট-চক, কলম, হারিকেন, হারিকেনের তেলসহ স্কুলের যাবতীয় খরচ আমাকে দিতে হয়। প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করে মাসে পাঁচ-ছয় হাজার টাকা আয় করি। এ থেকে প্রতি মাসে চারটি নৈশ বিদ্যালয়ের পেছনে দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় করি। খুব খুশি যে এ কাজের জন্য এলাকার সবার সহযোগিতা পাচ্ছি। এলাকার শিক্ষিত পাঁচজন যুবক স্বেচ্ছায় আমার সঙ্গে কাজ করছেন। কলেজছাত্র খালিদ হাসান, ভবেশ দাস, ব্যবসায়ী কর্ণ বিশ্বাস, কৃষিজীবী ধীরেন্দ্রনাথ ও আলেকুজ্জমান সারাক্ষণ আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। এ ছাড়া সহযোগিতা করছেন স্থানীয় অগ্রগামী কোচিং সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম।’ এমদাদ হোসেন জানান, সারা দিন কাজ করে রাতে অনেকে পড়ালেখা করতে আসতে চান না। তাই তিনি শিক্ষার্থীদের স্কুলগামী করতে নানা উপহারের ব্যবস্থা করেন। গত বছর ঈদুল ফিতরের দিনে সবাইকে লুঙ্গি-গেঞ্জি কিনে দেন। এ ছাড়া সেমাই-চিনি পর্যন্ত কিনে দিয়েছেন নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এভাবে তাদের স্কুলে আসার প্রতি আগ্রহ সৃষ্টি করে পাঠদান করে যাচ্ছেন। এ পর্যন্ত এই স্কুলে পড়ালেখা করে অর্ধশত বয়স্ক ব্যক্তি নিজেদের নাম লেখা শিখেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থী মসলেম আলী জানান, তিনি আগে জমির দলিল, চিঠি কোনো কিছুই পড়তে পারতেন না। সবকিছু বোঝার জন্য অন্যের কাছে যেতে হতো তাঁকে। এখন তিনি নিজেই চিঠি পড়তে পারছেন। আবদুল লতিফ জানান, মোবাইল ফোন ব্যবহার করেন তিনি, কিন্তু সঠিক নম্বর তুলতে পারতেন না। এখন পড়ালেখা শিখে তিনি নিজেই মোবাইল চালাতে পারছেন। স্থানীয় কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজাহান মোল্লা বলেন, ‘ছোটবেলা থেকেই এমদাদ হোসেন সমাজসেবামূলক কাজে খুবই আগ্রহী। তাঁর নৈশ বিদ্যালয়ে লেখাপড়া করে এলাকার অনেক নিরক্ষর মানুষ আজ নাম সই করতে পারছেন। এমদাদের নাইট স্কুলই আগামী দুই-আড়াই বছরের মধ্যে কোলা ইউনিয়নকে নিরক্ষরতামুক্ত করবে বলে আমি আশাবাদী।’