এমন আনন্দ কোনো দিন পাননি এনামুলের মা-বাবা
অভিষেক ম্যাচে ৪১ রানের ইনিংসে সমর্থকদের নজর কেড়েছিলেন এনামুল হক। আজ খুলনায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেকে আরও ভালোমতোই চেনালেন কুষ্টিয়ার এই ছেলে। ওয়ানডে দ্বিতীয় ম্যাচেই করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। ডানহাতি এই ওপেনার ১৩ চার আর ২ ছক্কায় ১৪৫ বলে খেলেছেন ১২০ রানের এক ইনিংস। হয়েছেন ম্যাচ সেরা। তাঁর নাম এনামুল হক বিজয়। নামটায় বলে দেয় জয় হবে নিশ্চয়। বিজয়ের মাসে বিজয়ের দাপট। ছেলের এমন দুর্দান্ত খেলায় বাবা জামির মিয়াও বেশ খুশি। এমন আনন্দ আর কোনো দিন পাননি তিনি। মা শাহনাজ পারভীনের আনন্দটা আরও বেশি। এনামুল হক এভাবে যেন সব খেলা খেলতে পারেন, তাঁরা সে দোয়া চান দেশবাসীর কাছে। প্রথম আলোর কাছে মুঠোফোনে মনের এমন অভিব্যক্তি প্রকাশ করেন গর্বিত এই মা-বাবা।ক্রিকেটের আরেক রাজা কুষ্টিয়ার কৃতী সন্তান হাবিবুল বাশারের এমনই মত। এনামুল কুষ্টিয়ার সন্তান এ জন্য খুব খুশি হাবিবুল বাশার। তিনি বলেন, ‘এনামুলের সত্যিকারের পথচলা আজকের খেলার মাধ্যমে শুরু হলো। তাঁকে অনেক পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলোয় এনামুলের এখনো অনেক কিছুই করার আছে।’এদিকে এনামুল হকের শতকে কুষ্টিয়াবাসী আনন্দ উল্লাস করেছে।